
শেষ আপডেট: 11 December 2024 18:45
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: আদালত চত্বরে নিজের গলায় ব্লেড চালালেন এক বিচারাধীন বন্দি। ঘটনায় বুধবার দুপুরে শোরগোল পড়ে যায় হাওড়া আদালত চত্বরে। মঙ্গেশ বাদলিয়া যাদব নামে ওই বিচারাধীন বন্দিকে গুরুতর জখম অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের বাইরে বান্ধবীকে ছুরি মেরে খুনের অভিযোগ উঠেছিল মঙ্গেশ বাদলিয়ার বিরুদ্ধে। তারপরেই গোলাবাড়ি থানার পুলিশ গ্রেফতার করেছিল মুম্বইয়ের ব্যবসায়ী মঙ্গেশকে। তারপর থেকে হাওড়া জেলা সংশোধনাগারে বন্দি ছিলেন তিনি।
এই মামলার শুনানি জন্য বুধবার তাকে হাওড়া আদালতে নিয়ে আসা হয়। আইনজীবিরা জানান, আচমকাই ওই ব্যক্তি পকেট থেকে একটি ব্লেড বের করে নিজের গলায় চালিয়ে দেন। কীভাবে ধারালো ব্লেড ওই বন্দির কাছে এল তা নিয়ে প্রশ্ন উঠছে। সামনে আসছে পুলিশের গাফিলতির অভিযোগ।
মে মাসের ১৫ তারিখ বনগাঁ ঠাকুরনগরের বাসিন্দা পিন্টু বিশ্বাস তাঁর স্ত্রী ও ছেলেমেয়েকে নিয়ে মুম্বই যাচ্ছিলেন। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার কথা ছিল। তাঁদের সঙ্গে ছিলেন মুম্বইবাসী মঙ্গেশ যাদব। মুম্বইয়ে একটি হোটেলে কাজ করতেন পিন্টু এবং মঙ্গেশ। পরিবার নিয়ে মুম্বই থাকতেন পিন্টু। ওইদিন স্টেশনে আসার পর আচমকা মুঙ্গেশ পিন্টুকে ওষুধ কিনতে পাঠিয়েছিল। পিন্টু ওষুধ কিনতে যেতেই মুঙ্গেশ ব্যাগ থেকে ছুরি বের করে পিন্টুর স্ত্রীর পেটে ঢুকিয়ে দেয়। মহিলা যন্ত্রণায় চিৎকার করতে থাকলে ছুটে আসেন আরপিএফ এবং অন্যান্য যাত্রীরা। তখন ছুড়ি উঁচিয়ে মঙ্গেশ সবাইকে ভয় দেখায় বলেও অভিযোগ। পরে আরপিএফ তাকে ধরে গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরেই খুন।