ওই সময় ক্লাবে গণেশপুজোর খাওয়াদাওয়া চলছিল, উপস্থিত ছিলেন গোটা এলাকার মানুষ। বন্ধু হিসেবে সেখানে মীমাংসা করতে যাওয়াই কাল হল।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 29 August 2025 10:10
দ্য ওয়াল ব্যুরো: বন্ধুর হাতে খুন বন্ধু। তৃতীয় ব্যক্তি হিসেবে ঝগড়া থামাতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি বৃহস্পতিবার রাতে ঘটেছে হাওড়ার লিলুয়ার পটুয়া পাড়ায়।
জানা গিয়েছে, গতকাল রাতে ওই সময় ক্লাবে গণেশপুজোর খাওয়াদাওয়া চলছিল, উপস্থিত ছিলেন গোটা এলাকার মানুষ। সেখানেই অমিত রায়চৌধুরি নামের এক যুবকের সঙ্গে অন্য একজনের বাকবিতণ্ডা শুরু হয়।
বন্ধু হিসেবে সেখানে মীমাংসা করতে যাওয়াই কাল হল। উত্তপ্ত ওই পরিস্থিতিতে ঝগড়া থামাতে যায় ২৬ বছরের সৌভিক দত্ত ওরফে সোনু। স্থানীয় বাসিন্দাদের কথায়, উদীয়মান ফুটবলার হিসেবে নাম ছিল তাঁর।
প্রত্যক্ষদর্শীদের কথায়, যার সঙ্গে অমিতের ঝামেলা চলছিল, রাগের মাথায় তাকে ছেড়ে পকেট থেকে ছুরি বার করে হঠাৎ সৌভিককে আক্রমণ করে সে। ধারাল ওই ছুরি দিয়ে গলায় ও বুকে এলোপাথাড়ি কোপ বসায় সোনুর। প্রচণ্ড রক্তপাত শুরু হলে ভয় পেয়ে যান উপস্থিত মানুষজন। সঙ্গে সঙ্গে সোনুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ঘটনার পর অমিত পালাতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে ফেলেন এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। আটক আরও ২। সৌভিকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
খুনের কারণ ঠিক কী, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সৌভিকের মতো প্রতিভাবান ফুটবলারের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ লিলুয়ার পটুয়া পাড়া। অমিতের কঠিনতম শাস্তির দাবি জানিয়েছে সৌভিকের পরিবার।