.webp)
হুড়মুড় করে ভেঙে পড়ে বন্দ্যোপাধ্যায় পরিবারের মাটির বাড়ি
শেষ আপডেট: 25 October 2024 15:52
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ভারী বৃষ্টিতে পান্ডুয়ায় ভেঙে পড়ল মাটির বাড়ি। অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা।
ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সকাল থেকে শুরু হয়েছে একটানা বৃষ্টি। কখনও মাঝারি কখনও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে জনজীবন। নীচু এলাকায় জল জমেছে।
বৃহস্পতিবার রাতভর বৃষ্টির পর শুক্রবার সকালে পান্ডুয়ার সিমলাগর ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণপাড়ায় বন্দ্যোপাধ্যায় পরিবারের মাটির বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ে। অমিতবাবু পুরোহিত। পুজো করে তাঁর দিন চলে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না. তবে তাঁর স্ত্রী ও ছেলে বাড়িতে ছিলেন। বাড়ি ভেঙে পড়তে দেখেই কোনওমতে সরে যান তাঁরা। তাই বড় বিপদ হয়নি। অমিত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওই মাটির ঘরে পরিবার নিয়ে বসবাস করতাম। এখন একটা ঘর না হলেই নয়। কিন্তু ঘর করার সামর্থ্য নেই আমার। যজমানি করে সংসার চলে।’’
বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে পঞ্চায়েতের প্রতিনিধিরা দেখতে যান। পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাজি বলেন,‘‘অতি বৃষ্টির ফলে একটি মাটির বাড়ি ভেঙে পড়েছে। দরখাস্ত করে পঞ্চায়েত সমিতিতে দিতে বলেছি। দেখি যদি কিছু ব্যবস্থা করা যায়।’’
পান্ডুয়ার বিডিও শ্রাবন্তী বিশ্বাস বলেন,‘‘একটা ঘটনার খবর পেয়েছি। লোক পাঠিয়ে বিষয়টা দেখা হচ্ছে। পান্ডুয়া ব্লকে এখনও পর্যন্ত আর কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।’’