
শেষ আপডেট: 21 September 2024 19:02
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পুজোর বেশিদিন বাকি নেই। পুলিশের পক্ষ থেকে চেক বিলিও শুরু হয়ে গেছে। আরজি করের প্রতিবাদে অনুদান ফেরানোর হিড়িক এখনও কমেনি। এবার পুজোর মুখে সরকারি অনুদান ফেরাল হুগলির নবগ্রামের মহাদেশ পরিষদ ক্লাব। স্থানীয়দের চাঁদায় এবার পুজো করতে চান বলে জানিয়েছেন ক্লাবের সম্পাদক দেবাশিস ঠাকুরতা।
মহাদেশ পরিষদ ক্লাবের পুজো কোন্নগরে বেশ পরিচিত। প্যান্ডল ও প্রতিমায় থাকে সাবেকিআনা। পুজোর সময়ে মানুষের ভিড় জমে এখানে। তরুণ প্রজন্মের প্যান্ডেল হপিংয়ের তালিকায় মহাদেশ পরিষদের দুর্গাপুজো থাকে সবার উপরে। কিন্তু আরজি কর ঘটনার প্রতিবাদে এ বছর সরকারি অনুদান ফেরাচ্ছেন উদ্যোক্তারা। চন্দননগর পুলিশ কমিশনারেটের কাছে এবিষয়ে লিখিতভাবে জানিয়েছেন। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
শহর তৃণমূল কংগ্রেসের যুব ব্লক সভাপতি শতদ্রু কর বলেন, "মহাদেশ পরিষদ ক্লাবটি সিপিএম পরিচালিত। সিপিএমের সমস্ত বৈঠক থেকে শুরু করে সম্মেলন সবই হয় ক্লাবের মধ্যে। দুর্গা পুজোকে পরিকল্পিতভাবে নষ্ট করার জন্য সিপিএমের লোকেরাই এই কাজ করছে। এলাকায় আরো ৫০টি ক্লাব আছে, যাঁরা উৎসব পালন করবেন উৎসবের মতোই। মহাদেশ পরিষদ অনুদান না নিলেও অসুবিধা নেই। যাদের প্রয়োজন তাদের দেওয়া হবে।"
বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক সম্পাদক ইন্দ্রনীল দত্ত বলেন, "আরজি কর ঘটনায় যেভাবে শাসকদল গোটা ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে। যেভাবে তথ্য-প্রমাণ লোপাট করেছে, সাধারণ মানুষ তার প্রতিবাদে নেমেছে। শুধু নয় মহাদেশ পরিষদ ক্লাব নয়, বাংলা জুড়ে বহু ক্লাবের পুজোর অনুদান ফিরিয়েছে। তৃণমূল সরকারের শেষের সময় এসে গেছে। আগামী নির্বাচনে মানুষ ভোটের ফলাফলের মাধ্যমে তা যথাযথ প্রমাণ দেবে।"
এর আগে হুগলিরই উত্তরপাড়ার তিনটি, কোন্নগরের দুটি ক্লাব পুজোর সরকারি অনুদান ফিরিয়েছে।