
শেষ আপডেট: 22 September 2024 14:52
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কেএমডিএর জল প্রকল্পের জন্য খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। এতে ঘটে গেল বিপত্তি। এই কাজের জন্য বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। আতঙ্কিত চুঁচুড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে পিপুলপাতি কদমতলার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঠিকাসংস্থার ইঞ্জিনিয়ারদের ধমক দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পরে ফোনে কেএমডিএ'র আধিকারিকের সঙ্গে কথা বলেন।
বিধায়ক বলেন, "সাতটি বাড়িতে ফাটল ধরেছে। যতদিন না সেই বাড়ি কেএমডিএ মেরামত করে দেবে কাজ বন্ধ থাকবে। এখানে অনভিজ্ঞদের দিয়ে কাজ হচ্ছে। কেএমডিএ'র কোনও ইঞ্জিনিয়ার নেই।" অসিতবাবুর আরও দাবি, এলাকা থেকে ঠিকাসংস্থা মাটি চুরি করছে। সেই মাটির নিয়ে যাওয়া হচ্ছে অন্য জায়গায়। এবিষয়ে পুরসভা, পূর্ত দফতরকে কিছু জানায়নি ঠিকাদার।
এদিন ঘটনাস্থলে গিয়ে ঠিকাসংস্থার ইঞ্জিনিয়ারদের হুমকি দিতে দেখা যায় অসিতবাবুকে। কাজ নিয়ে তাঁদের নানান প্রশ্ন করতে থাকেন বিধায়ক। মাটি কেন অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে, তাই নিয়েও প্রশ্ন তোলেন। যদিও ঠিকাসংস্থার ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, বাড়িরগুলির ফাটল মেরামত করা হবে।
বেশ কিছুদিন ধরে কেএমডিএ-র জল প্রকল্পের জন্য কাজ করছে। কদমতলায় একটি পাম্প বসানো হবে। ঠিকাশ্রমিকরা দিয়ে কাজ করানো হচ্ছে। বাসিন্দারা জানিয়েছেন, পাইপলাইন তৈরি করতে মাটি খোঁড়াখুঁড়ি শুরু হয়েছিল। অভিযোগ, এরপরেই বাড়িতে ফাটল দেখা দেয়। এই ঘটনা নজরে পড়তে তাঁরা বিষয়টি কেএমডিকে জানিয়েছিলেন। কিন্তু তারপরেও কাজ বন্ধ করা হয়নি। এখন এলাকায় ছয়টি বাড়িতে চওড়া ফাটল দেখা গিয়েছে। ভয়ে ভয়ে রয়েছেন ওই ছয় পরিবার। ফাটল ধরা বাড়িতে প্রাণের ঝুঁকি নিয়ে তাঁদের বসবাস করতে হচ্ছে। এক বাসিন্দা তন্দ্রা চট্টোপাধ্যায় কয়েক মাস আগে বাড়ি কিনেছেন। তার বাড়িতেও ফাটল দেখা দিয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন তন্দ্রাদেবীও।