এসআইআর এর খসড়ায় মৃতের তালিকায় নিজের নাম দেখে সটান শ্মশান ঘাটে হাজির হয়েছিলেন ডানকুনির তৃণমূল কাউন্সিলর সূর্য দে। আজ ভোটার তালিকা প্রকাশ হতে দেখা গেল তিনি নতুন ভোটার।

ডানকুনির তৃণমূল কাউন্সিলর সূর্য দে
শেষ আপডেট: 28 February 2026 22:03
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: এসআইআর এর খসড়ায় (SIR list) মৃতের তালিকায় নিজের নাম দেখে সটান শ্মশান ঘাটে হাজির হয়েছিলেন ডানকুনির তৃণমূল কাউন্সিলর সূর্য দে। আজ ভোটার তালিকা প্রকাশ হতে দেখা গেল তিনি নতুন ভোটার (Hooghly councilor name on final list)।
এসআইআর নিয়ে প্রথম থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) গলায় ছিল বিরোধিতার সুর। সেই আবহে খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় অনেক জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে। ডানকুনি পুরসভার তৃণমূল কাউন্সিলর সূর্য দে'র নাম মৃতদের তালিকায় ছিল। মৃতের তালিকায় নিজের নাম দেখে সটান শ্মশান ঘাটে পৌঁছে গিয়েছিলেন কাউন্সিলর।
বিজেপি এসআইআর এর নামে বাংলার ভোটারদের নাম কাটতে চাইছে বলে অভিযোগ তুলেছিলেন। যারা ভোটার তালিকায় মৃত ঘোষণা করেছেন তারাই এসে দাহ করার ব্যবস্থা করুক, দাবিও করেছিলেন। যা নিয়ে অনেক হইচই হয়। সেই কাউন্সিলর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতেও গিয়েছিলেন।
শনিবার এসআইআর এর তালিকা প্রকাশ হলে দেখা যায় সেই কাউন্সিলরের নাম রয়েছে বৈধ তালিকায়। সূর্য বলেন, "মৃতের তালিকায় নাম আসার পর আমি ফর্ম ৬ পূরণ করে জমা দিয়েছিলাম। তাই নতুন ভোটার হিসাবে নাম উঠেছে। বিজেপি আর নির্বাচন কমিশন আমার ভোটাধিকার কেড়ে নিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব যে লড়াই হচ্ছে তার ফলেই আমার নাম উঠেছে।"