
উদ্ধার হওয়া সোনা রুপো
শেষ আপডেট: 15 November 2024 13:18
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল কয়েক লক্ষ টাকার সোনা, রুপো। উদ্ধার হয়েছে নগদ টাকাও। সূত্রের খবর, আরপিএফ আধিকারিকদের তৎপরতায় ৭৭০ গ্রাম ওজনের সোনার গয়না, রুপোর বিভিন্ন সামগ্রী ও নগদ ৪০ হাজার টাকাও উদ্ধার হয় স্টেশন থেকে। বাজেয়াপ্ত সামগ্রী ও নগদ অর্থ আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে ১৩০২৩ হাওড়া-গয়া এক্সপ্রেস হাওড়া স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই তল্লাশি শুরু করে আরপিএফ আধিকারিকদের একটি দল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই এই তল্লাশি বলে জানা গেছে। আরপিএফ
সূত্রের খবর তল্লাশির সময় ট্রেনের এ-১ কামরার ২৫ নম্বর সিটে বসে থাকতে দেখা যায় হরিশ কুমার বর্মা (৪৬) নামে এক ব্যক্তিকে। সন্দেহজনক হাবভাব দেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। তারপরেই তার কাছ থেকে মেলে ওই সমস্ত সামগ্রী।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনার লকেট, রিং, চেন, কানের দুল, হাতের চুড়ি, যার মোট ওজন ৭৬৯.৯ গ্রাম। যার আনুমানিক দাম ৬০ লক্ষ টাকারও বেশি। এছাড়া তিনটি রুপোর মূর্তি উদ্ধার হয়, যার ওজন ৩৮৫ গ্রাম। এছাড়াও নগদ ৪০ হাজার টাকাও উদ্ধার হয়।
আরপিএফ সূত্রে খবর,ওই ব্য়ক্তির কাছ থেকে দুটি কাঁচা রশিদ পান আধিকারিকরা। যা এই সমস্ত দ্রব্যের আইনত বৈধতাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। ধৃত ব্যক্তির মোবাইল ফোন, সিম কার্ড বাজেয়াপ্ত করে আরপিএফ আধিকারিকরা। তাকে বারবার বিভিন্ন প্রশ্ন করা হলেও ওই কাঁচা রশিদ ছাড়া আর কোনও তথ্য দিতে ব্যর্থ হয় ধৃত মনোজ বর্মা। এরপরেই গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। তার সঙ্গে অন্য কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।