
শেষ আপডেট: 4 August 2024 16:29
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রবিবার ছুটির দুপুরে আগুন আতঙ্ক দেখা দিল ব্যান্ডেল লোকালে। এই ঘটনা সামনে আসতে উত্তেজনা ছড়ায় বৈদ্যবাটি স্টেশনে। তড়িঘড়ি ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়।
রেল সূত্রে জানাগিয়েছে, প্যান্টোগ্রাফে কিছু ত্রুটি ছিল। সেখান থেকে আগুনের ফুলকি ও ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘড়িতে তখন পৌনে দুটো বাজে। বৈদ্যবাটি স্টেশনে ঢুকেছে ডাউন ব্যান্ডেল লোকাল। সেই সময়ে আগুনের ফুলকি দেখতে পান যাত্রীরা। সঙ্গে ধোঁয়া বেরতে দেখা যায়। সেই সময়ে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, খবর পেতেই তাঁরা ব্যবস্থা নেন। ট্রেন থেকে যাত্রীরা নামিয়ে দেওয়া হয়।রিভার্স লাইন চালু থাকায় ট্রেন চলাচলে সমস্যা হয়নি। তবে পঁয়ত্রিশ মিনিট ডাউন এক নম্বর লাইন বন্ধ রাখা হয়েছিল। ঘটনাস্থলে শেওড়াফুলি জিআরপি রেলের কর্মীরা উপস্থিত হয়। পরে ফাঁকা ট্রেন হাওড়ার উদ্দেশে রওনা হয়।