
ব্যান্ডেল ইএসআই হাসপাতাল
শেষ আপডেট: 16 September 2024 17:50
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: ডানলপের সাহাগঞ্জে একটি কারখানার সুপারভাইজারকে পিটিয়ে মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাঁকে বাঁচাতে গিয়ে মারধরে জখম হন কারখানার এক শ্রমিকও।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাবরার বাসিন্দা পাপ্পু দাস রেলের যন্ত্রাংশ তৈরির জুপিটার কারখানার সুপারভাইজার ছিলেন।প্রতিদিনের মতোই সোমবার সকালে কাজে আসেন তিনি। বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি চলছিল কারখানার ভিতরে। শ্রমিকরা জানান, বিকাল সাড়ে তিনটে নাগাদ কারখানার গেটের বাইরে কিছু লোক সুপারভাইজারকে ধরে মারধর শুরু করে। রাস্তায় ফেলে লাথি কিল ঘুষি মারা হয়।
কারখানার কয়েকজন শ্রমিক দেখে তাকে বাঁচাতে যান। অভিযোগ, মারধরে বাধা দেওয়ায় চন্দন দেব নামে এক শ্রমিককে বেধড়ক মারা হয়। দুষ্কৃতীরা পালিয়ে গেলে শ্রমিকরাই আহত সুপারভাইজারকে তুলে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে যান। ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে যায় পুলিশ।
কারা কেন ওই ব্য়ক্তির উপর চড়াও হল, তা বলতে পারছেন না শ্রমিকরা। পুলিশ জানিয়েছে ঘটনা কারখানার বাইরে হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান ঠিকা শ্রমিকদের সঙ্গে গন্ডগোলের জেরে এই ঘটনা হতে পারে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।