
শেষ আপডেট: 4 March 2025 14:04
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গ্রেফতার করা হল সুতন্দ্রার গাড়ি চালক রাজদেও শর্মাকে(Panagarh News)। সোমবার রাতে কাঁকসা থানার পুলিশ হুগলির ভদ্রেশ্বর থেকে তাকে (driver arrest)গ্রেফতার করে। গত ২৪ ফেব্রুয়ারি পানাগড়ে দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের নৃত্যশিল্পী তথা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের(sutandra chatterjee)।
গাড়িতে থাকা সুতন্দ্রার সঙ্গীরা ঘটনার দিন দাবি করেছিল, সুতন্দ্রার সঙ্গে অশালীন ব্যবহার করেছিল একটি সাদা গাড়িতে থাকা কয়েকজন আরোহী। এমনকী সুতন্দ্রার গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ারও চেষ্টা করে তারা। সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাও একই দাবি করেন।
পরে অবশ্য আবার বয়ান বদল করেন গাড়ির চালক রাজদেও শর্মা। বলেন, "ইভটিজিং হয়নি। আমাদের গাড়িতে ধাক্কা দেওয়ায় সুতন্দ্রা বলেছিল সাদা গাড়িকে ধরতে। তাই ১০০ কিলোমিটার বেগে গাড়ি ছুটিয়েছিলাম। তখনই দুর্ঘটনা ঘটে।" পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজেও বারবার দেখা যায় সুতন্দ্রাদের গাড়িটি আগে থাকা একটি সাদা গাড়িকে তাড়া করছে।
রহস্যের সমাধান করতে সাদা গাড়ির চালক বাবলু যাদবকে আগেই গ্রেফতার করে পুলিশ। সুতন্দ্রার মা তনুশ্রী চ্যাটার্জির দাবি ছিল, সুতন্দ্রার গাড়িতে যারা ছিল আর বাবলু যাদবের গাড়িতে যারা ছিল সবাইকে তদন্তের আওতায় আনা হোক।পুলিশ স্বচ্ছভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করুক। কারণ তিনি কাউকেই সন্দেহের ঊর্ধ্বে রাখছেন না। এরপর সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মার বয়ান বদল দেখে সুতন্দ্রার মা গত ১ মার্চ চন্দননগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপরেই সোমবার রাতে ভদ্রেশ্বরের দাসপাড়া থেকে ভদ্রেশ্বর থানার পুলিশের সহযোগিতায় সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাকে গ্রেফতার করে নিয়ে যায় কাঁকসা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
সুতন্দ্রার মা তনুশ্রী চ্যাটার্জি বলেন, "অনেক গুলো বিষয়ে খটকা লাগায় আমি অভিযোগ করেছি। সুতন্দ্রার গাড়িতে যাঁরা ছিলেন তাঁরা বয়ান বদল করলেন কেন? গাড়ি ধাওয়া করে হাইরোড থেকে সার্ভিস রোডে নামিয়ে দিলে পরে কেন সাদা গাড়িকে ধাওয়া করতে গেল ? এত গতিতে কেন গাড়ি চালাল? এয়ার ব্যাগ কেন খোলেনি? দুজন গ্রেফতার হয়েছেন সুতন্দ্রার মৃত্যুর ঘটনায়। আরও যাঁরা ছিলেন তাঁদের ধরে জেরা করুক পুলিশ।" সত্যিটা কী জানতে চান তনুশ্রী দেবী।