
হাসপাতালে বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। নিজস্ব চিত্র
শেষ আপডেট: 20 July 2024 19:12
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে তদন্তে এল স্বাস্থ্যভবনের বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। চিকিৎসক নার্স হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেন তাঁরা। বেরিয়ে যাওয়ার সময় তাঁরা জানান, হাসপাতালে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছেন। এবার নিজেদের মধ্যে আলোচনা করে স্বাস্থ্যভবনে রিপোর্ট জমা দেবেন।
সোমবার এক রাতে পাঁচজন প্রসূতির সিজার হয়েছিল চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। পরদিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই পাঁচ প্রসূতি। মঙ্গলবার দুজনকে পাঠানো হয় আরজি কর হাসপাতালে। বুধবার সেখানেই মৃত্যু হয় নৈহাটির বাসিন্দা অঞ্জলি মণ্ডলের। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার আরও দুজনকে পাঠানো হয় এসএসকেএম ও মেডিকেল কলেজ হাসপাতালে।
প্রসূতিদের পরিবারের অভিযোগ, গাফিলতির কারণেই এত বড় কাণ্ড ঘটেছে। যাঁরা বাড়ি থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় হেঁটে এসে হাসপাতালে ভর্তি হলেন তারা সিজারের পর কী করে মৃত্যুর মুখে চলে গেলেন, এই প্রশ্ন তুলেছে তাদের পরিবার।
জেলা স্বাস্থ্য দফতর এই ঘটনার তদন্ত শুরু করেছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলি কর শুক্রবার জানিয়েছিলেন , কী কারণে একই দিনে সিজার হওয়া প্রসূতিদের অবস্থা আশঙ্কাজনক হয়ে গেল তা বোঝা যাচ্ছে না। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্য ভবন থেকে বিশেষজ্ঞ কমিটির লোকজন এসে ঘটনার তদন্ত করে রিপোর্ট দেবেন।
সেই মতোই এদিন স্বাস্থ্যভবন থেকে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে আসেন। হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল বলেন, "স্বাস্থ্য ভবন থেকে যারা এসেছিলেন তাঁরা সমস্ত কিছু খতিয়ে দেখেন। স্বাস্থ্য ভবনে তাঁরা রিপোর্ট জমা দেবেন। তারপরেই আমরা কী কারণে এমন ঘটনা ঘটল তা জানতে পারব।"