
শেষ আপডেট: 6 December 2024 11:44
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চন্দননগরে শিশুর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের প্রমাণ মেলেনি। জানালেন পুলিশ কমিশনার। তেমনই ডাকাতির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানান তিনি। তবে তিনি বলেন, "এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, আরও তদন্ত প্রয়োজন।"
প্রায় সাড়ে ছয় ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার শিশুর বাড়ি থেকে বেরিয়ে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, "শিশুটির শরীরে আঘাতের কোনও চিহ্ন ছিল না। তা সত্ত্বেও আমরা ময়নাতদন্ত করিয়েছি। ভিডিওগ্রাফি করা হয়েছে। শিশুর মা দিদি বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কোথাও খুনের ইঙ্গিত মেলেনি। শিশুটিকে মারা হয়েছে এমন বলা হয়নি প্রাথমিক রিপোর্টে। শিশুটির নিউরো সমস্যা ছিল। আমরা অন্য মতামতও নেবো।ফ্লুইড ভিসেরা সংগ্রহ করা হয়েছে। আমরা শিশুর মাকে কাউন্সিলিং করে কথা বলেছি। ওঁর কথা পরিবর্তন হচ্ছে সব সময়।দরজা বন্ধ ছিল। যেখানে বাইরে থেকে লোক ঢোকা সম্ভব না।"
পুলিশ সুপার জানান, শিশুটির মা অভিযোগ করছেন টাকা গয়না চুরি হয়েছে। পরে খুঁজে দশ হাজার টাকা পেয়েছেন অন্য জায়গা থেকে। আপাতত যা তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে তদন্ত চলছে। আবার জিজ্ঞাসাবাদ করা হবে।যেহেতু এটা সিরিয়াস কেস হিসাবে ধরা হচ্ছে। আপাতত কোনও তথ্য পাওয়া যায়নি যে বড় ডাকাতি হয়েছে বা শিশুকে মেরে দিয়ে গেছে। তবুও তদন্ত হবে। অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু হয়েছে। এরপর যদি অভিযোগ করেন যে সোনা টাকা পয়সা বাড়ি থেকে খোয়া গেছে সেটার এফআইআর করে তাঁরা তদন্ত এগিয়ে নিয়ে যাবেন।
চন্দননগর কুন্ডু ঘাট এলাকায় গতকাল এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতের নাম নিখিল বিশ্বাস(৬)। তার বাবা নবকুমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাম্প অপারেটর। তিনি সকালে কাজে বেরিয়ে যান। দুপুরে শিশুটিকে একা বাড়িতে রেখে তার মা বাইরে গিয়েছিলেন বলে দাবি। মা বাড়ি ফিরে দেখেন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে ছেলে। তাকে আর ডাকেননি। বিকাল সাড়ে পাঁচটা নাগাদ দিদি বাড়ি ফিরে ডাকতে গিয়ে দেখে নিস্তেজ হয়ে আছে।এরপর নবকুমারকে খবর দেওয়া হয়। বাড়ি ফিরে রাত আটটা নাগাদ ছেলেকে চন্দননগর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জানিয়ে দেন মৃত্যু হয়েছে শিশুর।