
ব্যান্ডেল চার্চে বড়দিনের সাজ
শেষ আপডেট: 24 December 2024 17:32
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রাত পোহালে বড় দিন। খ্রিস্টমাস উপলক্ষে প্রতিবারের মতো এবারও সাজিয়ে তোলা হয়েছে ব্যান্ডেল চার্চ। গির্জার প্রাঙ্গনে মেরি মায়ের কোলে শিশু যিশুর জন্ম বৃত্তান্ত তুলে ধরা হয়েছে। বড় দিনের আগে থেকেই দর্শনার্থীদের ঢল নামে ব্যান্ডেল চার্চে। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এই সময়। চার্চের নিজস্ব নিরাপত্তা রক্ষী তো রয়েইছে, অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে সাজানো হয়েছে ব্যান্ডেল ব্যাসিলিকা।
১৫৩৬ সালে পর্তুগিজরা সপ্তগ্রামে বাণিজ্য করতে আসেন এবং বসতি গড়ে তোলেন। ১৫৯৯ সালে ব্যান্ডেলে ছোটো গির্জা তৈরি হয়। ১৬৩২ সালে মোগল সম্রাট শাহজাহানের সৈন্যদের সঙ্গে পর্তুগিজদের যুদ্ধ হয়। ব্যান্ডেল ধ্বংস করে মোগল সৈন্যরা। পরে শাহজাহানই গির্জা তৈরির জন্য অর্থ দেন। জমি দান করেন। সেইখানে তৈরি হয় গির্জা। নানা অলৌকিক ঘটনা ও বিশ্বাস নিয়ে প্রায় চারশো বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে ব্যান্ডেল চার্চ। সারা বছরই বহু মানুষ আসেন চার্চ দেখতে। তবে বড়দিনের সময় ভিড় হয় সবচেয়ে বেশি।
২৪ ডিসেম্বর মধ্যরাতে প্রভু যিশুর জন্ম মুহূর্তে মিড নাইট মাস হবে। তার আগে রাত সাড়ে দশটা থেকে চলবে বিশেষ প্রার্থনা। বড় দিন ও বর্ষবরণের উৎসবে ভিড়ের জন্য ২৫ ডিসেম্বর ও ১ লা জানুয়ারি ব্যান্ডেল গির্জা বন্ধ থাকে দর্শনার্থীদের জন্য। তবে যেখানে গোশালা তৈরি হয়েছে সেখানে যাওয়ার অনুমতি থাকে।
এবারও তার ব্যতিক্রম হবে না। ব্যান্ডেল চার্চের সামনে বড় দিন উপলক্ষে মেলা বসে। হরেক পসরা নিয়ে সাজিয়ে বসেন দোকানিরা। বিকিকিনি হয় ভালোই। গঙ্গার পারে খোলা মাঠেও মেলা হয়। চলে পিকনিক। সব মিলিয়ে এই কটা দিন রীতিমতো জমজমাট ব্যান্ডেল চার্চ।