
কারখানার সামনে উত্তেজনা
শেষ আপডেট: 5 April 2025 19:32
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: হাওড়ার থার্মোকল কারখানায় আগুনে ঝলসে মৃত্যু হল ১৮ বছরের তরুণের। প্রতিবাদে ফেটে পড়লেন এলাকার মানুষ।
শনিবার বিকেল তিনটে নাগাদ হঠাৎই দাউদাউ করে জ্বলে ওঠে আন্দুল রোডের আলমপুর মোড়ে থার্মোকলের থালা-বাটি তৈরির কারখানাটি। কারখানার ভিতরেই মৃত্যু হয় ১৮ বছরের এক যুবকের। মৃতের নাম আকাশ হাজরা (১৮) বাড়ি উলুবেড়িয়ার তুলসিবেড়িয়া রাজপুর থানা এলাকায়।
ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। বহু চেষ্টা করেও আকাশকে বাঁচানো যায়নি। এরপরেই চরম উত্তেজনা ছড়ায়। কারখানার সামনে স্থানীয়রা মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই কারখানায় আগুন লাগা এখন নিয়মিত ঘটনা। বিশেষত গরমকালে, যখন থার্মোকলের থালা-বাটি তৈরির মেশিন অতিরিক্ত তাপে কাজ করে, তখনই ছড়িয়ে পড়ে আগুন। গোটা এলাকা গ্যাস ও ধোঁয়ায় ভরে ওঠে। বহুবার আগুন লাগার পরেও কেন এই বিপজ্জনক কারখানা চালু রাখার অনুমতি দেওয়া হয়, তা নিয়ে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, "এটা কি মানুষের জীবন নয়? আগুন লাগা যেন রোজকার চিত্র! প্রশাসন কি মৃত্যুর অপেক্ষায় থাকে? কার অনুমতিতে চলে এই কারখানা?" দীর্ঘক্ষণের চেষ্টায় অবস্থা সামাল দেয় পুলিশ। সন্ধে ৬ টা নাগাদ ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়। মৃত যুবকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি তুলেছেন স্থানীয় মানুষজন।