দ্য ওয়াল ব্যুরো: অফিস সেরে বাড়ি ফেরার সময় বেজায় বিপাকে নিত্যযাত্রীরা। ব্যস্ত সময় ছিঁড়ে পড়ল রেলের ওভারহেড তার। আর তাতেই হাওড়া-ব্যান্ডেল শাখায় ব্যাহত ট্রেন চলাচল। এই গোলযোগের কারণে বহু ট্রেন ছাড়তে দেরি হয়, এমনকী মাঝপথে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। ফলে চূড়ান্ত নাকাল যাত্রীরা।
সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পরে হাওড়া থেকে আসা একটি লোকাল ট্রেন ব্যান্ডেল স্টেশনে ঢোকার সময়ে বিপত্তি বাঁধে। হঠাৎ করেই ছিঁড়ে পড়ে ওভারহেড তার। সঙ্গে সঙ্গেই ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলের তরফে আধ ঘণ্টার মধ্যেই মেরামতির কাজ শুরু করে দেওয়া হয়।
যেহেতু রেলের তরফে এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি, তাই পরিষেবা বিঘ্নিত হওয়ায় একের পর এক ট্রেন যখন চুঁচুড়া, রিষড়া, শ্যাওড়াফুলি, কোন্নগর সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়তে শুরু করে, তখন যাত্রীরা বুঝেই উঠতে পারছিলেন না আদতে কী হয়েছে। দীর্ঘক্ষণ আটকে থাকার পর অনেকেই নেমে অন্য লাইনের লোকাল ট্রেনে উঠতে শুরু করেন বলে জানা গেছে।
স্বভাবতই ট্রেন চলাচল শুরু হতে বেশ অনেকটা সময় লেগে যায়। এমনকী, হাওড়া থেকে কয়েকটি লোকাল ১ ঘণ্টা দেরিতে ছাড়ে বলে দাবি নিত্যযাত্রীদের। রেলের তরফে ইতিমধ্যেই ত্রুটি মেরামতির কাজ শেষ হয়ে গেছে বলে দাবি করা হলেও যাত্রীরা তা মানতে নারাজ।
দুর্ভোগ আরও বেড়েছে একই দিনে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ভাসানের শোভাযাত্রা বেরোনোয়। ব্যান্ডেল লাইনেই পড়ে চন্দননগর স্টেশন। বিসর্জনের শোভাযাত্রা দেখতে হুগলির এই শহরে যেতে ট্রেনই ভরসা অনেকের কাছে। ফলে এদিন নিত্যযাত্রী ছাড়াও দর্শনার্থীদের কারণে রীতিমতো ভিড় ছিল ট্রেনগুলিতে। তার মাঝেই পরিষেবা বিঘ্নিত হওয়ায় বেজায় সমস্যায় যাত্রীরা।