ভিডিওয় একজনকে বলতে শোনা যায়, “বাংলায় এখন শ্বাস নেওয়াই কঠিন!” আরেকজনের আক্ষেপ, “জানতাম না একটা ভুল বোতাম টিপে এত বড় শাস্তি পাব।”
.jpeg.webp)
ফাইল।
শেষ আপডেট: 14 November 2025 16:35
দ্য ওয়াল ব্যুরো: বিহারের নির্বাচনী ফল (Bihar Election results) প্রকাশ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে বঙ্গ বিজেপি ((BJP)। তারা ইতিমধ্যেই দাবি করতে শুরু করেছে, “আগামী বছর বাংলাতেও (West Bengal) বদল নিশ্চিত।”
আর সেই আবহেই পাল্টা সুর চড়িয়ে সোশ্যাল মাধ্যমে নতুন প্রচার সিরিজ নিয়ে হাজির তৃণমূল (Trinamool)। শুক্রবারই দল প্রকাশ করেছে ১ মিনিট ২৬ সেকেন্ডের প্রথম ভিডিও। শিরোনাম, ‘যদি ওরা আসে — পর্ব ১: প্রেমের লাইসেন্স?’ ইঙ্গিত স্পষ্ট— এই সিরিজ এখন চলবে ধারাবাহিকভাবে, যেমন শুরু হয়েছে, তেমনই প্রতি পর্বে বাড়বে তীব্রতা।
ভিডিয়োয় দেখা যাচ্ছে এক অস্বস্তিকর ভবিষ্যৎ—গুন্ডাদের দখলে জনজীবন, প্রতিটি সম্পর্কেই সন্দেহের ছায়া। ভালবাসতে চাইলে প্রথমেই জিজ্ঞাসাবাদ। বন্ধুদের সঙ্গে দেখা করলেও নজরদারি। নিজের বোনকে সঙ্গে নিয়ে হাঁটলেও প্রশ্নের মুখোমুখি হতে হয়। সোশ্যাল মিডিয়াতেও যেন ‘অদৃশ্য নজরদারি’।
ভিডিওয় একজনকে বলতে শোনা যায়, “বাংলায় এখন শ্বাস নেওয়াই কঠিন!” আরেকজনের আক্ষেপ, “জানতাম না একটা ভুল বোতাম টিপে এত বড় শাস্তি পাব।”
তৃণমূলের দাবি— “এটা ভয় দেখানো নয়, বরং সতর্কবার্তা”। দলের এক শীর্ষনেতার কথায়, “ক্ষমতা যখন নজরদারি আর নিয়ন্ত্রণের ভাষা শেখে, তখন ব্যক্তিগত স্বাধীনতাই প্রথম আঘাত পায়। এ সিরিজ সেই আশঙ্কার কথাই মনে করিয়ে দিচ্ছে।”
তৃণমূলের বক্তব্য, “গণতন্ত্র রক্ষা করতে হলে আজই প্রশ্ন তুলতে হবে। যারা ভুয়ো দেশপ্রেম দেখিয়ে সংবিধানকে দুর্বল করছে, তাদের আসল মুখ মানুষ জানুক।”
রাজনৈতিক মহলের মত, নির্বাচনের আগে মানুষের কাছে কৌশলগত বার্তা পৌঁছে দিতে চাইছে তৃণমূল। এক রাজনৈতিক বিশ্লেষকের ভাষায়, “তৃণমূল বোঝাতে চাইছে, বিজেপি ক্ষমতায় এলে শুধু সরকার বদলাবে না, বদলে যাবে ব্যক্তিগত স্বাধীনতার সংজ্ঞাও। তারা ভোটারদের আবেগ, ভয় এবং বাস্তব আশঙ্কা— তিনকেই ছুঁতে চাইছে।”
বিহারের জয়ের পর যেখানে বঙ্গ বিজেপি উচ্ছ্বসিত, সেখানে তৃণমূলের এই ধারাবাহিক কটাক্ষে পদ্মশিবির কী জবাব দেয়? এখন সেটাই দেখার বিষয়।