
শেষ আপডেট: 19 October 2023 21:00
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ছোঁয়া জেলাতেও! পঞ্চমী থেকে উপচে পড়া ভিড় জেলাগুলিতেও। এছাড়াও জেলা থেকে ট্রেনে চড়ে কলকাতায় ঠাকুর দেখতে যাওয়ার প্রবণতা তো রয়েইছে। যে কারণে কলকাতার অলিগলিতে ফি বারের মতো এবারেও কালো মাথার ভিড় থিক থিক করছে। তবে গভীর রাতে ঠাকুর দেখে কীভাবে বাড়ি ফিরবেন তা নিয়ে অনেকেরই দুশ্চিন্তা থাকে।
দর্শনার্থীদের সেই দুশ্চিন্তা ঘোচাতে এবার হাওড়া ডিভিশনে আরও আটটি অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। সপ্তমী থেকে নবমী পর্যন্ত চলবে এই স্পেশাল ট্রেন। রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দর্শনার্থীদের সুবিধার্থেই এই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নীচে রইল স্পেশাল ট্রেনের সময়সূচি
হাওড়া-বর্ধমান মেইন লাইনে (ব্যান্ডেল হয়ে) চলবে একজোড়া স্পেশাল ট্রেন। সপ্তমী থেকে নবমী পর্যন্ত রাত ১২টা ৪৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এবং বর্ধমান থেকে রাত ৯ টা ৪০ মিনিটে ছাড়বে।
হাওড়া-বর্ধমান কর্ড লাইনেও ভায়া ডানকুনি হয়ে ছুটবে একজোড়া স্পেশাল ট্রেন। হাওড়া থেকে রাত ১টা ১৫ মিনিটে ছাড়বে এবং বর্ধমান থেকে রাত সাড়ে ১০টায় ছাড়বে।
একজোড়া স্পেশাল লোকাল ট্রেন চলবে হাওড়া-ব্যান্ডেল লাইনেও। হাওড়া থেকে রাত ১টায় ট্রেন ছাড়বে এবং ব্যান্ডেল রাত সাড়ে ১১টায় থেকে ছাড়বে।
শেওড়াফুলি থেকে তারকেশ্বর লাইনেও চলবে একজোড়া স্পেশাল ট্রেন। ট্রেনটি শেওড়াফুলি থেকে রাত ১২টা ২৫ মিনিটে ছাড়বে এবং তারকেশ্বর থেকে রাত ১১টায় ছাড়বে।
এছাড়া ০৩০৫১ হাওড়া-বর্ধমান (ব্যান্ডেল হয়ে) মেমু লোকাল, যেটি হাওড়া থেকে ছাড়বে রাত ১টা ৫০ মিনিটে। স্পেশাল এই ট্রেনগুলি চালানো হবে সপ্তমী থেকে নবমী পর্যন্ত। যাত্রী সাধারণের সুবিধার্থে ট্রেন থামবে সব স্টেশনে।