
শেষ আপডেট: 18 March 2023 09:34
দ্য ওয়াল ব্যুরো: পিপিএফ (PPF) তথা পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund) হল একটা দীর্ঘমেয়াদি সঞ্চয় প্রকল্প। যা আমানতকারীদের অবসরের পর কাজে লাগে। নিয়ম অনুযায়ী কোনও আমানতকারী ব্যাঙ্কে বা পোস্ট অফিসে ১০০ টাকা জমা করে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারে। তবে বছরে অন্তত ৫০০ টাকা পিপিএফ অ্যাকাউন্টে জমা রাখতে হয়।
পিপিএফ অ্যাকাউন্টে লক ইন পিরিয়ড হল ১৫ বছরের। কোনও আমানতকারী বছরে দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারে। তা একবারে করতে পারে বা ১২ টি কিস্তিতেও করতে পারে।
কর বিশেষজ্ঞদের কথায়, পিপিএফ অ্যাকাউন্ট ইইই ক্যাটাগরিতে (EEE category) পড়ে। ফলে কোনও আমানতকারী বছরে ১.৫ লক্ষ টাকা জমা করে ৮০ সি (Section 80C) ধারায় কর ছাড়ের সুবিধা নিতে পারেন। পিপিএফের ম্যাচুরিটির টাকাতেও কর দিতে হয় না। পিপিএফে প্রতি ত্রৈমাসিকে ৭.১ শতাংশ হারে কর দেওয়া হয়। এবং বিশেষজ্ঞদের মতে কেউ যদি সুশৃঙ্খল ভাবে পিপিএফে বিনিয়োগ করতে পারেন তা হলে অবসরের সময়ে তিনি কোটিপতি হতে পারেন।
কিন্তু কীভাবে তা সম্ভব?
সেবি অনুমোদিত বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পিপিএফ (PPF) তথা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ম্যাচুরিটির মেয়াদ ১৫ বছর। অ্যাকাউন্ট খোলার সময়ে সেটা আবেদন করে আরও ৫ বছর বাড়ানো যায়। এভাবে যতবার সম্ভব ৫ বছর করে মেয়াদ বাড়ানো যেতে পারে। প্রথম ১৫ বছরের পর ওই বর্ধিক পাঁচ বছরে কেউ চাইলে বিনিয়োগ করতে পারেন আবার নাও করতে পারেন। অর্থাৎ প্রথম ১৫ বছরে যে টাকা জমেছে সেটাই রেখে দিতে পারেন।
তবে বিশেষজ্ঞরা বলছেন, ৫ বছর মেয়াদ বাড়ালে বিনিয়োগও চালিয়ে যাওয়া উচিত। সেক্ষেত্রে ১৫ বছর পর ম্যাচুরিটি বাবদ প্রাপ্য অর্থ এবং নতুন বিনিয়োগ দুয়ের উপরেই সুদ পাওয়া যাবে।
কেউ যদি ৩০ বছর বয়সে পিপিএফ অ্যাকাউন্ট খোলেন এবং আরও ৫ বছর করে আরও তিন বার মেয়াদ বাড়ান, তা হলে মোট ৩০ বছর ধরে সঞ্চয় করবেন। ধরা যাক, কোনও বিনিয়োগকারী বছরে ১.৫ লক্ষ টাকা করে পিপিএফ অ্যাকাউন্টে জমিয়েছেন। তা হলে ৩০ বছর বাদে ম্যাচুরিটির পরিমাণ হবে ১ কোটি ৫৪ লক্ষ ৫০ হাজার ৯১১ টাকা। সুদের হার ৭.১ শতাংশ ধরে এই গণনা করা হয়েছে।
বছরে ১.৫ লক্ষ টাকা করে সঞ্চয় করলে কোনও আমানতকারী ৩০ বছরে মোট সঞ্চয় করবেন ৪৫ টাকা। কিন্তু ম্যাচুরিটিতে পাবেন তার তিন গুণ টাকা। পিপিএফ থেকে মূল টাকার উপর সুদ পাবেন ১ কোটি সাড়ে ৯ লক্ষ টাকা।
তবে বিনিয়োগ করার আগে আমানতকারীর উচিত হবে এ বিষয়ে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে নেওয়া। কারণ, পিপিএফ ছাড়া সরকারি ও বেসরকারি ক্ষেত্রে এখন আমানতের অনেক সুযোগ রয়েছে। ফলে কার ভবিষ্যতের চাহিদা কীরকম তা বুঝে বিশেষজ্ঞরা আর ভাল বিকল্পের সন্ধানও দিতে পারেন।
সোনার দাম সর্বকালের সবচেয়ে বেশি আজ, আমেরিকায় ব্যাঙ্কের পতনে মহাধাক্কা হলুদ ধাতুতে