.jpeg)
গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 20 February 2025 19:45
দ্য ওয়াল ব্যুরো: ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই বদলে গেল ট্যাংরার দুই গৃহবধূ সুদেষ্ণা দে এবং রোমি দে এবং নাবালিকা কিশোরীর মৃত্যুর ছবিটা!
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে পুলিশ জানাচ্ছে, আত্মহত্যা নয়, ট্যাংরা কাণ্ডে খুনই করা হয়েছে তিন জনকে। কীভাবে? পুলিশ সূত্রের খবর, খাদ্য বিষক্রিয়া থেকেই মৃত্যু হয়েছে নাবালিকা কিশোরীর। তবে দুই গৃহবধূর মৃত্যুর জন্য অতিরিক্ত রক্তক্ষরণকে দায়ী করা হয়েছে।
বুধবার সকালে রুবি এলাকার কাছে একটি পথ দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনায় এক আহতের বয়ানের সূত্র ধরে ট্যাংরার অতুল শূর রোড এলাকার ওই বাড়িতে গিয়েছিল পুলিশ। সেই সূত্রে ওই বাড়ির দরজা ভেঙে বাড়ির দুই বউ ও এক মেয়ের নিথর দেহ উদ্ধার হয়।
পুলিশ রিপোর্ট সূত্রের দাবি, বাড়ির বধূ রোমির গলায় একটি ক্ষত ছিল। এছাড়াও দুই হাতের কব্জির শিরা কাটাছিল। হাতের শিরা কাটাছিল সুদেষ্ণাদেবীরও। তাঁরও দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে নাবালিকা কিশোরীর দেহেও।
সূত্রের দাবি, বিষ মেশানো খাদ্য খাওয়ার ৩ থেকে ৬ ঘণ্টার মধ্যে মৃত্যু হয়েছে ওই তিনজনের। যা থেকে পুলিশের অনুমান, খাদ্য বিষক্রিয়ার পাশাপাশি মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্র দিয়ে দুই বধূর হাতের কব্জি কেটে দেওয়া হয়েছিল।