
শেষ আপডেট: 18 April 2024 17:23
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষা দফতরের একাধিক প্রাক্তন পদস্থ কর্তা।
বৃহস্পতিবার ওই সংক্রান্ত মামলার শুনানিতে আদালতে সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানালেন, "কুন্তল রাজনৈতিকভাবে খুব প্রভাবশালী। তার একটা ডায়েরি সিবিআইয়ের কাছে আছে, সেখানে দুর্নীতির সব পরিষ্কার লেখা আছে!"
নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডল ইতিমধ্যে আদালত থেকে জামিন পেয়েছে। কুন্তল-সহ অন্যান্যরাও জামিন চেয়ে আদালতে আবেদন জানিয়েছে। এদিন এ ব্যাপারে আদালতে রিপোর্ট পেশ করে সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, নিয়োগ মামলায় কুন্তলের হাতে পাঁচ কোটি টাকা তুলে দিয়েছিল তাপস মণ্ডল। এছাড়াও কুন্তল নিজে চাকরি দেওয়ার নাম করে বাজার থেকে তিন কোটি টাকা তুলেছিল।
ওই টাকা কুন্তল কার কাছে পৌঁছেছিলেন, কতজন চাকরি প্রার্থী কুন্তলকে টাকা দিয়েছিলেন, পরে আদালতের নির্দেশে যে ৭১ জন চাকরি পেয়েছিল, কুন্তল তাঁদের কাছ থেকেও টাকা তুলেছিল কি না- এবিষয়ে আগামী মঙ্গলবার সিবিআইয়ের কাছে রিপোর্ট চেয়েছে আদালত।
নিয়োগ দুর্নীতির নেপথ্যে কুন্তল কতটা প্রভাবশালী ছিল তা বোঝাতে এদিন আদালতে সিবিআই আরও জানায়, অকৃতকার্য পরীক্ষার্থীদের চাকরি দিয়েছে পর্ষদ। ইন্টারভিউ হয়েছিল কসবা ডিপিএস সি ক্যাম্পাসে (সরকারি অফিসে)। এবং সেই ইন্টারভিউ নিয়েছিল কুন্তল।
অন্যদিকে তাপস মণ্ডলের জামিনকে সামনে রেখে এদিন ফের কুন্তলের আইনজীবী জামিনের সপক্ষে আদালতে বলেন, "এই কেসে অন্যতম মূল অভিযুক্ত তাপস মণ্ডল জামিন পেয়েছে, অথচ আমার মক্কেল এক বছর তিন মাস জেলে রয়েছে।"