দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই ভারতীয় সেনার তরফে টুইট করে দাবি করা হয়, মাকালু শৃঙ্গে অভিযানে গিয়ে ইয়েতির পায়ের ছাপ দেখেছে তাদের এক পর্বতারোহীর দল। সেই ছাপের ছবিও আপলোড করে তারা। তাই নিয়ে ব্যঙ্গ ও সমালোচনার ঝড় বয়ে যায় নেট-দুনিয়ায়।
কিন্তু তার পর থেকে শুধু ভারতীয় সেনার পর্বতারোহী দলই নয়, ইয়েতির দেখা পাচ্ছেন সারা দেশের নেটিজেনরাও। ভারতীয় সেনার মতোই ইয়েতির পায়ের ছাপ দেখতে পাচ্ছেন তাঁরা, শহরের রাস্তায় যখন তখন! আর সেই ছাপের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন তাঁরাও।
https://twitter.com/LOLrakshak/status/1123233863252230145
কী করে সম্ভব সারা শহর জুড়ে এই ইয়েতির পায়ের ছাপ খুঁজে পাওয়া? আসলে দিন কয়েক আগে ইয়েতির পায়ের ছাপ নিয়ে ভারতীয় সেনার টুইটের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো মজার জায়গায় চলে গিয়েছে ইয়েতির পায়ের ছাপ। তাই ভাঙাচোরা রাস্তায় গর্তের ছবি তুলে সেটাকে #YetiFootprint হ্যাশট্যাগ দিয়ে আপলোড করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আৎ নেটিজেনরা দেখছেন, কখনও হায়দরাবাদ, কখনও বেঙ্গালুরু, কখনও মুম্বই আবার কখনও রাজধানী দিল্লিতে দেখা মিলছে এই ইয়েতিদের পায়ের ছাপের।
https://twitter.com/HarishKumarDaga/status/1123878243851997185
আপাত দৃষ্টিতে এটা নিছক মজা। কিন্তু মজা হলেও, এর গুরুতর দিকটা অস্বীকার করা যায় না। দেশের বড় বড় শহরের রাস্তার হাল এত খারাপ কেন, সেই প্রশ্ন তুলছেন নেটিজেনরা। এমনকী এই খারাপ রাস্তার জন্যই এত পথ দুর্ঘটনা ঘটে বলেও প্রকাশিত হয়েছে একাধিক রিপোর্টে। তার পরেও দেশের পথঘাটের এই অবস্থা কেন, প্রশ্ন উঠেছে তাই নিয়ে।
নেটিজেনরা বলছেন, মজার মোড়কে হলেও এভাবেই একটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেছেন সকলে।