
পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র
শেষ আপডেট: 16 November 2024 14:05
দ্য ওয়াল ব্যুরো: নিত্যদিন লেডিস কামরা, এমনকী লেডিস স্পেশ্যালে উঠে পড়েন কিছু পুরুষ। মহিলা যাত্রীদের সঙ্গে দুর্বব্যহার করেন বলে অভিযোগ। এবার এ বিষয়ে কড়া পদক্ষেপ নেয় রেল। গত একমাসে হাওড়া, শিয়ালদহ, মালদহ এবং আসানসোলে অভিযান চালিয়ে লেডিস কামরায় ওঠার অভিযোগে ১৪১৩ জনকে গ্রেফতার করেছিল রেল পুলিশ।
‘মহিলা সুরক্ষা’ উদ্যোগের আওতায়, মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত কামরায় অনুমোদনহীন প্রবেশ ও দখল প্রতিরোধে বিশেষ নজর দেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে বলা হচ্ছে এই উদ্যোগ মহিলা যাত্রীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত যাতায়াতের পরিবেশ নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।
পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানান, চলতি মাসের ১ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত রেল সুরক্ষা বাহিনী বা আরপিএফ মহিলা কামরায় অনধিকার প্রবেশের বিরুদ্ধে রেলওয়ে আইন, ১৯৮৯-এর ১৬২ ধারা অনুযায়ী কঠোর ব্যবস্থা নিয়েছে।
রেলওয়ে আইনের এই ধারা অনুযায়ী মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত কামরায় বা আসনে পুরুষ যাত্রীদের অনুমোদনহীন প্রবেশ ও দখল আটকাতে প্রযোজ্য। এর শাস্তি অভিযুক্তকে কামরা থেকে বের করে টিকিট বা পাস বাজেয়াপ্ত করা হবে। শুধু তাই নয় জরিমানাও করা হবে ওই ব্যক্তিকে।
কোথায় কত মামলা এবং কত জন গ্রেফতার হয়েছে সেই পরিসংখ্যান দিয়েছে রেল।
হাওড়া বিভাগ
নথিভুক্ত মামলা: ১২৭
গ্রেফতার: ১২৭
আদায়কৃত জরিমানা: ৪,৫৫০ টাকা
শিয়ালদহ বিভাগ
নথিভুক্ত মামলা: ১৯৪
গ্রেফতার: ১৯৪
আদায়কৃত জরিমানা: ২৪,৪০০ টাকা
মালদা বিভাগ
নথিভুক্ত মামলা: ২৬
গ্রেফতার: ৩৩
আদায়কৃত জরিমানা: ৮০০ টাকা
আসানসোল বিভাগ
নথিভুক্ত মামলা: ১৩১
গ্রেফতার: ১৫৯
আদায়কৃত জরিমানা: ২৮,৮০০ টাকা
পূর্ব রেলের মোট পরিসংখ্যান
মোট মামলা: ৪৭৮
মোট গ্রেফতার: ৫১৩
মোট আদায়কৃত জরিমানা: ৫৮,৫০০ টাকা
বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেল জানিয়েছে, মহিলা যাত্রীদের সুরক্ষাকে সর্বাধিক অগ্রাধিকার এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। রেলওয়ে আইন, ১৯৮৯-এর ১৬২ ধারা কার্যকর করে মহিলা কামরার সুরক্ষিত পরিবেশ বজায় রাখা তেমনই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।