দ্য ওয়াল ব্যুরো : হিন্দু তরুণ-তরণীদের ধর্মান্তর নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত (Mohan Bhagbat)। তাঁর মতে, ধর্মান্তরিত হওয়া ভুল। হিন্দু তরুণ-তরুণীদের মধ্যে নিজ ধর্ম ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলতে হবে। তাঁর কথায়, "কীভাবে ধর্মান্তর হয়? কেন সংকীর্ণ স্বার্থে, বিবাহের উদ্দেশ্যে হিন্দু তরুণ-তরুণীরা ভিন্ন ধর্ম গ্রহণ করে?" তিনি প্রশ্ন তোলেন, "আমরা কি ছেলেমেয়েদের সুশিক্ষা দিতে পারি না?"
রবিবার উত্তরাখণ্ডের হালদোয়ানিতে রবিবার আরএসএস কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সমাবেশে ভাষণ দেন মোহন ভাগবত। তিনি বলেন, "বাড়িতে ছেলেমেয়েদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে। নিজেদের ধর্ম ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল করে তুলতে হবে।" ধর্মান্তর নিয়ে হিন্দুদের 'বিভ্রান্ত হতে' বারণ করেন তিনি। তাঁর নির্দেশ, এ বিষয়ে প্রশ্ন উঠলে সোজাসুজি জবাব দিতে হবে। সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য তাদের বাবা-মায়েদের আগে শিক্ষিত হতে হবে।
আরএসএস প্রধান পরামর্শ দেন, পারিবারিক মূল্যবোধ রক্ষা করতে হবে। ভারতের পর্যটনক্ষেত্রগুলি ঘুরে দেখতে হবে। বাড়িতে তৈরি খাবার খেতে হবে। দেশীয় ঐতিহ্য মেনে পোশাক পরতে হবে। মোহন ভাগবতের মতে, ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার জন্য ছ'টি 'মন্ত্র' আছে। সেগুলি হল দেশীয় ভাষা, খাবার, ভক্তিগীতি, পর্যটন, পোশাক ও পরিবার।
সনাতন ঐতিহ্য মেনে চলার আহ্বান জানানোর পাশাপাশি আরএসএস প্রধান বলেন, অস্পৃশ্যতা দূর করতে হবে। তাঁর কথায়, "জাতপাতের ভেদাভেদ করবেন না। সমাজে অস্পৃশ্যতাও থাকা উচিত নয়। আমাদের সমাজে কোনও ব্যক্তির নাম শুনে তাঁর ধর্ম সম্পর্কে আন্দাজ করা হয়।" মোহন ভাগবত আহ্বান জানান, মন থেকে ভেদাভেদ মুছে ফেলুন।
আরএসএস কর্মীদের উদ্দেশে সরসংঘচালক আহ্বান জানান, আপনারা পরিবেশ নিয়ে আলোচনা করুন। আরও বেশি বৃক্ষরোপণ ও জলাশয় বাঁচানোর জন্য মনোযোগী হন।
কিছুদিন আগে জানা যায়, আগামী ১৫ নভেম্বর তিন দিনের সফরে কলকাতা আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। এই সফর চলাকালীন রাজ্যে সংঘের ছয়টি কার্য বিভাগের কার্যকর্তার কাজকর্মের পর্যালোচনা করবেন তিনি।
কলকাতা সফরে এসে মানিকতলার কেশব ভবনেই থাকবেন মোহন ভাগবত। উত্তর কলকাতার মানিকতলার অভেদানন্দ রোডের এই কেশব ভবন হল আরএসএসের আঞ্চলিক সদর দফতর। সেখানে প্রচারকদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
সেইসঙ্গে পশ্চিমবঙ্গে, বিশেষ করে গ্রামাঞ্চলে সংঘের বিভিন্ন কাজে নিযুক্ত তরুণ কর্মী, সামাজিক কর্মী, বিজ্ঞানী ও শিক্ষাবিদদের সঙ্গেও আলাপচারিতায় যোগ দিতে পারেন সংঘ প্রধান। উল্লেখ্য, গত ২০১৯-এর অগস্ট মাসের পর মোহন ভাগবত এই নিয়ে ষষ্ঠবার পশ্চিমবঙ্গে আসছেন। মূলত ব্লক স্তরে সংঘের সংগঠন মজবুত করার দিকে গুরুত্ব দেবেন আরএসএস প্রধান।