
শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 27 June 2024 16:26
দ্য ওয়াল ব্যুরো: শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় রাজ্যকে ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার আদালতে ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
২০১৮ সালের ১৩ অক্টোবর পূর্ব মেদিনীপুরের কাঁথির পুলিশ ব্যারাকে মাথায় গুলি লেগে গুরুতর জখম হয়েছিলেন শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী। পরের দিনই শুভব্রতর মৃত্যু হয়।
ঘটনার প্রায় তিন বছর পরে ২০২১ সালের জুলাই মাসে শুভব্রতর স্ত্রী সুপর্ণা স্বামীর মৃত্যুর তদন্ত চেয়ে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। ওই মামলায় নাম জড়িয়েছিল বিরোধী দলনেতার।
এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয়ে শুভেন্দু জানিয়েছিলেন, হয় মামলাটি খারিজ করা হোক নয় তো সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হোক। সেই সময় আদালতে শুভেন্দু অভিযোগ করেছিলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।
ওই মামলাতেই পুলিশ কর্মীর মৃত্যুর কারণ জানতে চেয়ে রাজ্য পুলিশের কাছে ময়নাতদন্তের রিপোর্ট তলব করল আদালত। মামলার পরবর্তী শুনানি হবে ৩ জুলাই।