
শেষ আপডেট: 27 September 2022 07:28
দ্য ওয়াল ব্যুরো: ১ অক্টোবর থেকে গোটা দেশে চালু হবে ফাইভ জি (5G) পরিষেবা। যে পরিষেবা টেলি যোগাযোগ ব্যবস্থায় তো বটেই মানুষের দৈনন্দিন জীবনও অনেকটা বদলে দেবে বলে মনে করা হচ্ছে। তাই আগেভাগেই মানসিক প্রস্তুতি রাখাটা মন্দ নয়। বরং এক নজরে জেনে নেওয়া যাক ফাইভ জি আসলে, এবং এই পরিষেবা শুরু হলে সরাসরি কীভাবে প্রভাবিত হতে পারে আপনার জীবন!
• মোবাইল ফোনের পঞ্চম জেনারেশন (Fifth Generation) ইন্টারনেটকে সংক্ষেপে বলা হয় ফাইভ জি; যার মাধ্যমে অনেক দ্রুত গতিতে ইন্টারনেট থেকে তথ্য ডাউন লোড ও আপলোড করা যাবে। যার পরিষেবার আওতা হবে ব্যাপকতর।
• বিষয়টা যতটা জটিল, ততটা সহজও। আসলে ৫জি রেডিও তরঙ্গের আরও ব্যবহার নিশ্চিত করবে। ফলে একই সময়ে কোনও স্থানে বেশি সংখ্যক মোবাইল ফোন বা ডিভাইস থেকে ইন্টারনেটের পরিষেবা পাওয়া যাবে।
• যে হেতু ইন্টারনেটের ক্ষমতা বেশি থাকবে তাই এর মাধ্যমে রোবট পরিচালন, সেন্সর ইত্যাদির ব্যবহার ও তাদের কার্যক্ষমতা বাড়ানো যাবে। ইন্টারনেটের গতি বর্তমানের তুলনায় অন্তত ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানো যাবে বলেই আশা করা হচ্ছে। তাই স্মার্টফোন দিয়ে এখন আমরা যা করছি তা ফাইভ জি এলে আরও দ্রুততার সঙ্গে করা যাবে।
• তবে হ্যাঁ, ফাইভ জি-তে দ্রুত গতির ব্যাপারটা নির্ভর করবে তা কোন স্পেকট্রাম ব্যান্ডে ব্যবহার করা হচ্ছে এবং মোবাইল পরিষেবা সংস্থাগুলো মাস্ট এবং ট্রান্সমিটারের জন্য কতটা বিনিয়োগ করছেন।
• ইতিমধ্যেই মোবাইল বা ট্যাবলেটে অগমেন্টেড রিয়েলিটি, মোবাইল ভার্চুয়াল রিয়েলিটি এবং উন্নত মানের ভিডিও দেখার অভিজ্ঞতা অনেকেরই হয়েছে। যা সমাজজীবনকে অনেকটা সহজ করে তুলেছে। ফাইভ জি-র হাত ধরে এমন পরিষেবা আসবে যা আমরা এখন কল্পনাও করতে পারছি না।
ইন্টারনেটের মাধ্যমে আমরা এখন যা করি অর্থাৎ ফাইল আপলোড, ডাউনলোড অনেক দ্রুত হয়ে যাবে। ফলে মোবাইলে ভিডিও দেখা বা বড় ছবি বা মোশন পিকচার দেখা সহজ হয়ে যাবে। যেমন, একটি সিনেমা হয়তো এক মিনিটেই ডাউন লোড করা যাবে।
ড্রোনের মাধ্যমে পরিষেবা বাড়ানো যাবে। উদ্ধার কাজ পরিচালনা করা, আগুন নেভানো ইত্যাদি কাজের প্ল্যানিং ও সুচারু করতে তা সাহায্য করবে।
চালক বিহীন গাড়ি চালানো, লাইভ ম্যাপ আপডেট এবং ট্রাফিক সংক্রান্ত তথ্য লাইভ জানা যাবে।
মোবাইলে যারা গেম খেলেন তারা আরও বেশি সুবিধা পাবেন। ভিডিও কলের ছবি ও সাউন্ড অনেক স্পষ্ট হবে।
শরীরে লাগানো বিভিন্ন ফিটনেস ডিভাইস আরও নিখুঁত ভাবে সংকেত দিতে পারবে। তা জরুরি চিকিৎসা বার্তাও রিয়েল টাইম পাঠাতে পারবে।
ফাইভ জি (5G) পরিষেবা পেতে নতুন কম্পিউটার চিপ লাগবে, আপনার বর্তমান ফোনটি হয়তো পাল্টাতে হতে পারে।
ইতিমধ্যে মোবাইল নির্মাতা কোম্পানিগুলি বাজারে 5G ফোন আনা শুরু করেছে। ওপো, ভিভোর মতো কোম্পানিগুলো বাজারে ফাইভ জি ফোন এনেছে। রিলায়েন্স জানিয়েছে, দেশে ফাইভ জি পরিষেবা চালু হলে তারা নতুন স্পার্টফোন বাজারে আনবে যা 5G সাপোর্ট করবে। সেই ফোনের দাম হবে ৮ থেকে ১২ হাজার টাকা।