
শেষ আপডেট: 28 July 2023 07:33
দ্য ওয়াল ব্যুরো: উত্তর ভারত শুধু নয় বন্যার কবলে এবার দক্ষিণ ভারতও।
নাগাড়ে বৃষ্টিতে জলের তলায় তেলঙ্গানার একাধিক গ্রাম (Telangana Flood)। ভেসে গেছে বাড়িঘর, দোকানপাট। স্কুল-কলেজ বন্ধ, যাতায়াত-যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। একেই ভারী বৃষ্টি, তার উপর নদীবাঁধগুলি থেকে জল ছাড়ার কারণে একাধিক গ্রাম জলমগ্ন হয়ে আছে। জয়শঙ্কর ভূপালপল্লি জেলার একটি গ্রাম জলে ডুবে গেছে। সেখানকার বাসিন্দাদের উদ্ধার করে প্রাণের ঝুঁকি নিয়ে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ)। উদ্ধারকাজে হাত লাগিয়েছে বায়ুসেনাও।

বৃষ্টি, বন্যার (Telangana Flood) কারণে মৃতের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। কোথাও ভাঙছে বাড়ির দেওয়াল, কোথাও বাড়িঘরের উঠোন ভেঙে ভাসিয়ে নিয়ে যাচ্ছে জলের স্রোত। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, তেলঙ্গানায় মৃতের সংখ্যা ৬। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বেশিরভাগ এলাকাতেই। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রয়েছে যত্রতত্র। সুরক্ষার জন্য বানভাসি এলকাগুলিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যুৎ যোগাযোগ ফের চালু হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা নিম্নচাপের জেরে গভীর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের কারণেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে তেলেঙ্গানা ও অন্ধ্রে। মৌসম ভবন জানিয়েছে, রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে (Telangana Flood)। বুধবার থেকে ভারী বৃষ্টির জেরে মুলুগু, জয়শঙ্কর ভূপালপল্লি, ভাদরাদরি কোঠাগুডেম, করিমনগর, হনুমানকোণ্ডা, আদিলাবাদ, ওয়ারাঙ্গল এবং জনগাঁওয়ে বন্যা পরিস্থির সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই জেলাগুলিতে ২৩০-৬০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
কর্নাটকের মালনাড এলাকায় অবিশ্রান্ত বৃষ্টি চলছে। সেখানে আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।