দ্য ওয়াল ব্যুরো: আবারও ধর্ষণের ঘটনায় সামনে এল রাজধানীর নাম! তাও আবার খোদ দূতাবাস চত্বরে। পুলিশ জানিয়েছে, পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক গাড়িচালককে। অভিযুক্ত ওই গাড়িচালক দূতাবাসেরই কর্মচারী বলে জানা গিয়েছে।
শনিবার সকালে দিল্লির চাণক্যপুরীতে মার্কিন দূতাবাস চত্বরে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, ২৫ বছরের ওই গাড়িচালক দূতাবাসেরই এক হাউসকিপিং স্টাফের মেয়েকে ভুলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তারা দু'জনেই মার্কিন দূতাবাসের সার্ভেন্ট কোয়ার্টারে থাকত।
ঘটনার পরে বাড়ি গিয়ে কাঁদতে কাঁদতে সব কথা বলে দেয় ছোট্ট মেয়েটি। পরের দিনই চাণক্যপুরী থানায় অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। পকসো আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। এর পরে তাকে গ্রেফতার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
মার্কিন দূতাবাস জানিয়েছে, অভিযোগ পেয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের কথায়, "এই ঘটনায় আমরা যারপরনাই বিচলিত। অভিযোগ পেয়েই বিষয়টি পুলিশের নজরে নিয়ে এসেছি আমরা। তদন্তে পূর্ণ সহযোগিতা করছি।"