
প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 December 2024 19:06
দ্য ওয়াল ব্যুরো: দার্জিলিং শুধু পশ্চিমবঙ্গবাসী বা বাঙালির সাধের জায়গা নয়। প্রচুর বিদেশি পর্যটকও ভিড় করেন সেখানে। আসেন বহু সংখ্যক বাংলাদেশিও। কিন্তু সম্প্রতি ওপার বাংলায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য এবার দার্জিলিঙে বাংলাদেশিদের বয়কট করা হল! কোনও হোটেলে তাঁদের থাকতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে। তার ওপর ভারতের পতাকাকে অবমাননা করার একাধিক ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেইসব দেখে ক্ষুব্ধ ভারতবাসী তথা বাংলার মানুষ। ইতিমধ্যেই বাংলাদেশকে বয়কট করার দাবি উঠেছে। এবার দার্জিলিঙের হোটেলে বাংলাদেশিদের না থাকতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।
পাহাড়ের বিভিন্ন সংগঠন এবং হোটেল ব্যবসায়ীদের মিলিত সংগঠন স্পষ্ট জানিয়েছে, দার্জিলিং পুলিশ জেলার অন্তর্গত হোটেল এবং তার বাইরে থাকা একাধিক হোটেল কর্তৃপক্ষর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটাভুটি করে দেখা গেছে ৯৭ শতাংশ একমত হয়েছেন বাংলাদেশিদের বয়কট করার সিদ্ধান্তে। তাঁদের স্পষ্ট কথায়, ব্যবসায় ক্ষতি হলে হোক, দেশ আগে। দেশের অপমান যদি কেউ করে তাহলে তাদের ছেড়ে কথা বলা হবে না।
কদিন আগেই জামাকাপড় থেকে শুরু করে বাংলাদেশের তৈরি একাধিক সামগ্রী পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছিল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। কলকাতা বা পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য আসা বাংলাদেশিদের যাতে চিকিৎসা না করা হয় সেই দাবিও তোলা হয়েছিল। অখিল ভারতীয় হিন্দু মহাসভার সভাপতি ডঃ চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য ছিল, চিকিৎসা তো বটেই, তাঁদের কোনও হোটেল খেতে দেওয়া বা থাকতে দেওয়াও উচিত নয়।
বিগত কয়েক দিনে একাধিক রাজ্যের বিভিন্ন হোটেল বাংলাদেশিদের কার্যত বয়কট করেছে। সোমবার এই সিদ্ধান্তের কথা জানাল গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শীতের সময়ে কমপক্ষে ২৫ থেকে ৩০ হাজার বাংলাদেশি দার্জিলিং ঘুরতে আসেন বলে পরিসংখ্যানে উঠে এসেছে। এই বয়কটের কারণে তাই পাহাড়ের হোটেল ব্যবসায়ে ক্ষতি যে হবেই তা স্পষ্ট।