
শেষ আপডেট: 18 January 2023 13:53
দ্য ওয়াল ব্যুরো: হোটেল থেকে বিশেষ দুটি পদ খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ছিলেন একের পর এক মানুষ। খাদ্যে বিষক্রিয়ার (food poisoning) কারণে এখনও পর্যন্ত ৬৮ জনের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। ১৭ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে, যাঁদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। এই ঘটনা সামনে আসার পরেই বাতিল করে দেওয়া হল হোটেলটির লাইসেন্স (Hotel in Ernakulam shut down)।
ঘটনাটি ঘটেছে সোমবার কেরলের এর্নাকুলামে। পারাভুর এলাকার ওই রেস্তোরাঁটির নাম হোটেল মজলিস। সূত্রের খবর, সোমবার ওই হোটেলটি থেকে আল ফাহাম এবং মান্ডি নামে দুটি জনপ্রিয় আরবি পদ খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়তে শুরু করেন লোকজন। প্রত্যেকেরই গা বমি ভাব, মাথা ঘোরা, পেটে যন্ত্রণা এবং একাধিকবার পায়খানা হওয়ার মতো সমস্যা দেখা দেয়। অবস্থা গুরুতর হওয়ায় ১৭ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনা সামনে আসার পরেই খাদ্য সুরক্ষা দফতরকে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ (Veena George)। মঙ্গলবার রাজ্যজুড়ে ১৮৯টি রেস্তোরাঁতে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর। তারপরেই হোটেল মজলিস সহ মোট ২টি হোটেলের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। এছাড়াও ৩৭টি রেস্তোরাঁকে অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে।
এই প্রথমবার নয়, এর আগেও কেরলের একাধিক রেস্তোরাঁর বিরুদ্ধে খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ উঠেছে। গত ১ ডিসেম্বর কোয়াট্টামের একটি হোটেল থেকে অনলাইনে বিরিয়ানি কিনে খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন এক নার্স। হাসপাতালে ভর্তি করার পর মৃত্যু হয় তাঁর। সেই ঘটনার পর কেরলের ৪২৯টি হোটেল এবং রেস্তোরাঁয় অভিযান চালিয়েছিল খাদ্য সুরক্ষা দফতর। অস্বাস্থ্যকর পরিবেশ এবং লাইসেন্স না থাকার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল ৪৩টি হোটেল। তার কয়েকদিনের মধ্যেই ফের খাদ্যে বিষক্রিয়ার কারণে একসঙ্গে একাধিক মানুষের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে কেরল সরকারের।
তুষারে ঢাকা পাহাড়ের বুক চিরে ছুটছে ট্রেন, ছবি পোস্ট করে রেলমন্ত্রীর প্রশ্ন, ‘কোথায় বলুন তো?’