
জলমগ্ন ডানকুনি
শেষ আপডেট: 29 May 2024 13:40
দ্য ওয়াল ব্য়ুরো, হুগলি: রেমালের প্রভাব পড়েছিল হুগলিতেও। টানা বৃষ্টিতে ডানকুনির পুরএলাকা এখনও জলমগ্ন। তার মধ্যে শুরু হয়েছে সাপের উৎপাত। ফলে আতঙ্কিত বাসিন্দারা। মঙ্গলবার ডানকুনির ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুভাষপল্লির দুই বাসিন্দাকে সাপে ছোবল মারে। একজনের নাম দীনেশ পাসোয়ান, অন্যজন পূর্ণিমা কৈরি। দুজনকে নিয়ে যাওয়া হয় চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর পূর্ণিমাদেবীকে ছেড়ে দেওয়া হলেও দীনেশ এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
পূর্ণিমা কৈরির নাতি শ্রীকান্ত বলেন, 'বাড়ির ভেতরে এক হাঁটু জল জমে রয়েছে। দু’দিন ধরে এই অবস্থার মধ্যে বসবাস করছি। সকালে বাড়ির বাগানে ঠাকুমা ফুল তুলতে গেছিলেন। সেখানে জল জমে ছিল। ওই জলের মধ্যে দাঁড়িয়ে ফুল তোলার সময়ই ঠাকুমাকে সাপে ছোবল মারে। তড়িঘড়ি আমরা ঠাকুমাকে হাসপাতালে নিয়ে গেছিলাম। সেখানে গিয়ে দেখি আরও এক প্রতিবেশীকেও সাপে কামড়েছে।'
রেমাল দুর্যোগ কেটে গেলেও দুর্ভোগ কাটেনি ডানকুনি পুরসভার ১৩, ১৪, ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। ওই এলাকায় একাধিক জায়গায় জল জমে রয়েছে। ড্রেন উপচে নিকাশি জল ঢুকেছে বাড়ির ভেতর। সেই জলেই ঘুরে বেড়াচ্ছে সাপ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জল জমার সমস্যা রয়েছে ডানকুনি পুরসভার কয়েকটি ওয়ার্ডে। একটু ভারী বৃষ্টি হলেই জল জমে যায়। ওই সময়ে সাপের উৎপাত বাড়ে। ডানকুনি পুরসভা জানিয়েছে, জল নিকাশির জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাম্প চালিয়ে জল বের করে দেওয়া হবে। সাপ, পোকামাকড়ের উপদ্রব কমাতে ওষুধ স্প্রে করা হবে।