
শেষ আপডেট: 3 December 2023 15:47
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: জন্ম থেকে দুই হাত নেই, সেই ছেলেকে নিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মা প্রতিমা মুর্মু। পান্ডুয়ার পোটবা গ্রামের বাসিন্দা প্রতিমাদের সংসার চলে চাষবাস করে। স্বামী দীপঙ্করের ধানের জমি রয়েছে। সারাদিন সেখানেই কেটে যায় তাঁর।
বাড়ির কাজকর্ম ছাড়াও প্রতিমার বেশিরভাগ সময় কাটে ছোট ছেলে সায়নকে নিয়ে। রানাগড় হাইস্কুলে ক্লাস সিক্সে পড়ে সে। জন্ম থেকেই সায়নের দুটো হাত নেই। তাই ছোট থেকেই ছেলেকে হাতের বদলে পা দিয়ে সমস্ত কাজ করতে শিখিয়েছেন প্রতিমা। পায়ের আঙুলে পেন ধরে কীভাবে লিখতে হয়, অথবা চামচ দিয়ে কীভাবে খেতে হয়, সেসবই সায়নকে অভ্যাস করিয়েছেন তিনি। আর পাঁচটা কিশোরের মতোই সায়ন বেড়ে উঠছে।
প্রতিমা বলেন, “ছেলে খুব হাসিখুশি। দুষ্টুমিও করে। জন্ম থেকে দুটো হাত না থাকায় অনেকে অনেক কথা বলেছে। কিন্তু তাতে কান দিইনি। কারণ ছেলের এই খামতিতে আমাদের কিছু করার ছিল না। ভগবানই ওকে এই ভাবে তৈরি করেছেন। আমি চাই ছেলে লেখাপড়া শিখে শিক্ষকতা করুক।“
মায়ের পাশে বসে পড়াশোনা করতে করতে এক গাল হেসে সায়ন জানায়, সে ফুটবল খেলতে ভালবাসে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভক্ত সায়নের প্রিয় বিষয় বাংলা। তবে আঁকতে খুব একটা ভালো লাগে না। বড় হয়ে সে কী হবে, তা নিয়ে এখনও কোনও চিন্তা ভাবনা করেনি। সে শুধু চায় আপাতত ভালভাবে পড়াশোনা করে যেতে।