
এই গাড়িতেই ছিলেন পুলিশ কর্মী - ফাইল চিত্র
শেষ আপডেট: 20 February 2025 08:44
দ্য ওয়াল ব্যুরো: হাওড়ায় গুলিবিদ্ধ হলেন হুগলির পুলিশ আধিকারিক! যে মুহূর্তে এই ঘটনা ঘটেছে সে সময়ে তাঁর গাড়িতে ছিলেন এক মহিলা। সূত্রের খবর, সহকর্মীদের মধ্যে কেউ এই কাণ্ড ঘটিয়েছেন। বর্তমানে আহত অবস্থায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ওই পুলিশ কর্মী। তবে কী কারণে তাঁকে গুলি খেতে হল, তা স্পষ্ট নয় এখনও।
বুধবার রাত ১২টা নাগাদ হুগলির চন্ডীতলা থানার আইসি জয়ন্ত পালকে গুলি করা হয়। হাওড়ার ব্যাটরা থানা ও শিবপুর থানার মাঝামাঝি এলাকায় ঘোষ পাড়া পেট্রোল পাম্পের সামনে ঘটেছে এই ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়ি করে চারজন পুলিশ কর্মী ওই রাস্তা ধরে আসছিলেন। আচমকাই গাড়ির ভিতর জয়ন্ত পালকে লক্ষ্য করে গুলি চালান অন্য পুলিশ কর্মীদের মধ্যে কেউ। তাহলে কি জয়ন্তর সঙ্গে থাকা 'রহস্যময়ী' মহিলাকে নিয়ে কোনও ঝামেলার কারণে এই ঘটনা, সে প্রশ্ন উঠেছে। আহত পুলিশকর্মীর বাঁ হাতে গুলি লেগেছে বলে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুলি চলার খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে যায় হাওড়া সিটি পুলিশ। উদ্ধার করা হয়েছে গুলির খোল, একটি গাড়িও আটক করেছে তাঁরা। ওই মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনুমান, তাঁর সঙ্গেই কারও কোনও বচসা থেকে এই ঘটনা ঘটেছে। আক্রান্ত পুলিশ আধিকারিকের সঙ্গে তাঁর ঠিক কী সম্পর্ক, সেটাও জানার চেষ্টায় পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যক্তিগত কাজে হাওড়া গেছিলেন জয়ন্ত পাল। তবে গাড়ির ভিতরেই কোনও ইস্যুতে বচসা হচ্ছিল সকলের মধ্যে। তার কিছু পরই গুলি চালানো হয়। এবার সত্যিই পুলিশ আধিকারিককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, নাকি তাঁর গায়ে গুলি লেগে গেছে, সেটাও এখনও পরিষ্কার নয়। মহিলা সহ বাকি আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে আসল কারণ খোঁজার চেষ্টায় হাওড়া সিটি পুলিশ। ইতিমধ্যে সংগ্রহ করা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ।