
উদ্ধার হওয়া প্রিন্টার
শেষ আপডেট: 30 November 2024 11:43
দ্য ওয়াল ব্যুরো: কলেজের অদূরে বসেছে প্রিন্টার আর ফটোকপি করার যন্ত্র। আর তার থেকেই বেরোচ্ছে ফার্মাসি প্রথম বর্ষের পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র। শুধু তাই নয়, মোটা টাকায় বিক্রিও করা হচ্ছে। এমনই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।
ফার্মাসিস্টের প্রথম বর্ষের পরীক্ষা শুরুর আগেই কলেজ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মেশিন বসিয়ে প্রশ্ন-উত্তরপত্র জেরক্স করার ঘটনার কথা জানতে পেরে স্থানীয় বাসিন্দারা বাধা দেয়। আর তাতেই শুক্রবার উত্তেজনা ছড়িয়ে পড়ে চাঁদুর এলাকার আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ চত্বরে।
বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্তদের ঘরের মধ্যে আটকে রাখেন স্থানীয়রা। তাঁদের অনেকেই ছুটে পালিয়ে যান এলাকা থেকে।
পরীক্ষার আগে অনেকের ফোনে প্রশ্নপত্র চলে আসে বলে অভিযোগ। সেগুলি হাতে পেয়েই পরীক্ষার্থীরা টুকতে শুরু করেন। কী করে এভাবে প্রশ্নপত্র ফাঁস হল বা কলেজের অদূরেই তা কী করে বিলি হচ্ছে সে ব্যাপারে অবশ্য এখনও কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।