দ্য ওয়াল ব্যুরোঃ এইচ আইভি পজিটিভ, তাই সরকারি স্কুলে অ্যাডমিশনে বাধা। অভিযোগে তোলপাড় দক্ষিণ ভারতের তামিলনাড়ু। তামিলনাড়ুর পারাম্বুলুর একটি সরকারি স্কুলে এই ঘটনায় রাজ্যের শিক্ষা দফতর তদন্তের নির্দেশ দিয়েছে। স্কুল এডুকেশন ডিরেক্টর এস কান্নাপ্পা সেই জেলার চিফ এডুকেশনাল অফিসারকে পুরো ঘটনার একটা রিপোর্ট দিতে বলেছেন।
সপ্তাহখানেক আগে ওই স্কুলে অ্যাডমিশনের জন্য যায় ছেলেটি। সাথে তার পরিবার ছিল। বুধবার তাঁরা ফিরে আসেন। স্কুল শিক্ষা দফতরের ডিরেক্টর জানতে চেয়েছেন, কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করা হবে। সেদিন ওই ছেলেটির বাড়ির লোকের সাথে স্কুলের হেড মাস্টার কে কামরাজের সাথে ঠিক কী হয়েছিল তা জানতে চেয়েছেন তিনি।
অভিযোগ উঠেছে, সেদিন ওখানে হেড মাস্টারের সাথে ছেলেটির পরিবারের বচসা হয়েছিল। পরিবারের অভিযোগ, ছেলেটি এইচআইভি পজিটিভ বলে তাকে ভর্তি নিতে চায়নি স্কুল। যদিও কামরাজ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ছাত্রটির নম্বর কম ছিল, তাই সমস্যা হয়েছে। তবে তাকে ভর্তি নেওয়া হবে না বলা হয়নি। আর তেমনটা করার অধিকারও তাঁর নেই বলেই জানিয়েছেন কামরাজ। আপাতত কামরাজ এবং পারাম্বালুর চিফ এডুকেশনাল অফিসার অরুল রঙ্গন জানিয়েছেন, তাঁদের কাছে ছাত্রটি আবেদন করলে তাকে অ্যাডমিশন নিশ্চয় দেওয়া হবে।
অ্যাডমিশন সে পাক বা না পাক, এই ধরনের অভিযোগ দেশের নানা জায়গা থেকে প্রায়শই আসে, তাই প্রশ্ন ওঠে, তথাকথিত শিক্ষিত সমাজের মধ্যেও কবে আসবে সঠিক সচেতনতা!