দ্য ওয়াল ব্যুরো: টালা ব্রিজের স্বাস্থ্য নিয়ে কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছে। যান চলাচল ইতিমধ্যেই নিয়ন্ত্রণ করা হয়েছে। শুক্রবার এই ইস্যুতে নবান্নে জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে সিদ্ধান্ত হয়েছে তিন টনের বেশি ওজনের গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে টালা ব্রিজে। প্রতিদিন বিভিন্ন রুটের ৬০০-র বেশি বাস চলে টালা ব্রিজ দিয়ে। রবিবার সকাল থেকেই তা বন্ধ করে দিচ্ছে প্রশাসন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পুজোর পরে ফের ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তবে এ দিন কলকাতার মেয়র তথা নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিক সম্মেলনে বলেন, মানুষের যাতে দুর্ভোগ না হয়, সে ব্যাপারে সমস্ত চেষ্টা করবে রাজ্য প্রশাসন। রাজ্যের তরফে কথা বলা হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে। বিকল্প রাস্তা কী হবে বাসের তা শনিবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে বলে জানিয়েছে নবান্ন।
তবে পুজোর সময় উত্তর কলকাতার ঠাকুর দেখতে গিয়ে বিস্তর দুর্ভোগে পড়তে হতে পারে সাধারণ মানুষকে। আরজি কর হাসপাতালের সামনের ব্রিজ ব্যবহার করে পাইকপাড়া দিয়ে বিটি রোডে আসার সংযোগ রাস্তা করলেও একটি রাস্তার উপরই গোটা চাপ পড়বে। ফলে ব্যাপক যানজটের আশঙ্কা থেকেই যাচ্ছে। যদিও প্রাইভেট গাড়ি চলাচলে কোনও সমস্যা নেই বিওলে জানিয়েছে নবান্ন।
টালা ব্রিজের নীচে বহু মানুষের বসবাস। এ দিন ফিরহাদ হাকিম জানিয়েছেন, তাঁদের খালপাড়ে বিকল্প থাকার জায়গার ব্যবস্থা করবে সরকার। বিশেষজ্ঞ দল পুজো মিটলেই ফের টালা ব্রিজ পরিদর্শন করবে। তারপর ব্রিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে পূর্ত দফতর।