দ্য ওয়াল ব্যুরো : রবিবার জেএনইউতে হামলার পর বামপন্থীরা একবাক্যে দোষ চাপিয়েছিলেন এবিভিপি-র ওপরে। বিজেপির ওই ছাত্র সংগঠন অভিযোগ অস্বীকার করেছিল। মঙ্গলবার হিন্দু রক্ষা দল নামে এক সংগঠনের প্রতিনিধি জোর গলায় দাবি করলেন, জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে হামলা চালিয়েছিলেন তাঁরাই। শুধু তাই নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ও যদি জেএনইউয়ের মতো 'দেশবিরোধী কার্যকলাপের ঘাঁটি হয়ে ওঠে' তবে সেখানেও তাঁরা হামলা চালাবেন।
মঙ্গলবার টুইটারে হিন্দু রক্ষা দলের নেতা ভূপেন্দ্র তোমর ওরফে পিঙ্কি চৌধুরির এক ভিডিও দেখা যায়। তাতে তিনি বলেছেন, জেএনইউয়ের ক্যাম্পাসে জাতীয়তাবিরোধী ও হিন্দুবিরোধী কার্যকলাপ চলছিল। তাঁর কথায়, "জেএনইউ কমিউনিস্টদের ঘাঁটি। আমরা তাদের সহ্য করব না। তারা আমাদের ধর্ম ও দেশের অবমাননা করে। ভবিষ্যতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যদি জাতীয়তাবিরোধী কার্যকলাপ হয়, তা হলে আমরা অ্যাকশন নেব।"
১ মিনিট ৫৯ সেকেন্ডের ভিডিওতে তোমর বামপন্থীদের সম্পর্কে বলেন, "তারা আমাদের দেশে থাকবে, খাবে, এখানে শিক্ষালাভ করবে, তারপর দেশবিরোধী কার্যকলাপ করবে। যারা জেএনইউয়ের ঘটনায় জড়িত ছিল তারা আমাদের কর্মী। আমরা সবসময় দেশের জন্য আত্মত্যাগ করতে রাজি।"
https://twitter.com/iamnarendranath/status/1214260573916893184
দিল্লি পুলিশ জানিয়েছে, তোমরের দাবি কতদূর সত্য খতিয়ে দেখা হচ্ছে। ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে, জেএনইউ ক্যাম্পাসে কারা হামলা করেছিল।