
শেষ আপডেট: 19 July 2023 05:56
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দুপুরে বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির বৈঠকে আত্মপ্রকাশ করেছে নতুন জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া (INDIA)। তারপরেই শুরু হয়ে গিয়েছিল 'ইন্ডিয়া বনাম ভারত' তরজা, যার সূত্রপাত করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আবহেই বিরোধী জোটের আত্মপ্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই নিজের টুইটার বায়ো থেকে 'ইন্ডিয়া' শব্দটিই সরিয়ে দিলেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta deletes India from Twitter)।
মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী দলের বৈঠকে যোগ দিয়েছিল কংগ্রেস, তৃণমূল সহ ২৬টি বিরোধী দল। সেই বৈঠকেই বিজেপি বিরোধী জোটের নামকরণ করা হয় ইন্ডিয়া। সেই নামের তীব্র সমালোচনা করে হিমন্ত বিশ্বশর্মা বলেন, ইন্ডিয়া ভারত নয়। তারপরেই টুইটার বায়ো থেকে 'ইন্ডিয়া' সরিয়ে দেন তিনি। যদিও সেই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় প্রবল সমালোচনা, ট্রোলিং। বিতর্কের মুখে অবশ্য কিছুক্ষণের মধ্যেই বায়োতে 'ভারত' শব্দটি যোগ করেন তিনি।
জোটের নামকরণের দিনেই সন্ধ্যায় দিল্লিতে বসে এনডিএ-র বৈঠক। সেখানে ৩৮টি শরিক দল যোগ দেয়। সেই বৈঠক থেকে বিরোধী জোট তথা ইন্ডিয়ার প্রতি কড়া আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী। 'ইন্ডিয়া'কে দুর্নীতিবাজদের দোকান বলে দাবি করে মোদী স্পষ্ট করে দেন, ২০২৪-এর লড়াই হতে চলেছে ‘ইন্ডিয়া বনাম ভারত’ (India vs Bharat)। এদিন তাঁর ভাষণ জুড়েই ছিল 'ভারত'-এর কথা। হিমন্তই হলেন প্রথম বিজেপি নেতা, যিনি সেই 'ভারত'কে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জুড়ে নিলেন।
অসমের মুখ্যমন্ত্রী বলেন, ইউপিএ ইন্ডিয়াতে পরিণত হওয়ার পর বিজেপি ভারত থেকে উদ্ভূত হয়েছে। এদিন সন্ধ্যায় একটি টুইট বার্তায় তিনি লেখেন, 'আমাদের সভ্যতাগত দ্বন্দ্ব ভারত এবং ইন্ডিয়াকে ঘিরেই সূচিত হয়েছে। ব্রিটিশরা আমাদের দেশের নাম দিয়েছে ইন্ডিয়া। আমাদের অবশ্যই ঔপনিবেশিক উত্তরাধিকার থেকে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করতে হবে। আমাদের পূর্বপুরুষরা ভারতের জন্য লড়াই করেছেন এবং আমরা ভারতের জন্য কাজ করে যাব। বিজেপি ফর ভারত।'
যদিও এই ঘটনার পরেই সমালোচনা শুরু হয়। কংগ্রেস নেতা জয়রাম রমেশ পাল্টা টুইট করে কটাক্ষ ছুড়ে দেন। নরেন্দ্র মোদীকে হিমন্ত বিশ্বশর্মার নতুন 'মেন্টর' বলে উল্লেখ করে তাঁর খোঁচা, 'মিস্টার মোদি আমাদের স্কিল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়া দিয়েছেন-বিভিন্ন প্রোগ্রামের জন্য নতুন সব নাম। তিনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের ‘টিম ইন্ডিয়া’ হিসেবে একসঙ্গে কাজ করতে বলেছেন। এমনকী, ইন্ডিয়াকে ভোট দেওয়ার আবেদনও করেছেন তিনি!'
'কিন্তু যখন ২৬টি রাজনৈতিক দল তাদের জোটের নাম দেয় ইন্ডিয়া তখন হঠাৎ তিনি জেগে ওঠেন এবং বলেন 'ইন্ডিয়া' নাকি ঔপনিবেশিক মানসিকতার বহিঃপ্রকাশ! ওঁর উচিত বসকে গিয়ে একথা বলা।'