দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরে ধারাবাহিক কোভিড কেয়ার সেন্টারে গিয়ে, রোগীদের সঙ্গে কথা বলে রেকর্ড গড়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
রবিবার ত্রিপুরার প্রতিবেশী রাজ্য অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিপ্লব দেবের রেকর্ড ভেঙে দিলেন। পিপিই কিট পরে ঢুকে পড়লেন একটি কোভিড হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে।
যা নিয়ে প্রশংসার বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়। দেশের প্রথম কোনও স্বাস্থ্যমন্ত্রী সশরীরে পৌঁছে গেলেন কোভিড হাসপাতালে। অনেকেই যা দেখে বলছেন, "এই না হলে স্বাস্থ্যমন্ত্রী!"
https://twitter.com/payalmehta100/status/1305182575091048455?s=08
কোভিড কেয়ার সেন্টারে রোগীদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন হিমন্ত। তারপর সেখান থেকে বেরিয়ে আসেন। সব মিলিয়ে ১৩ মিনিটের কিছু বেশি সময় গুয়াহাটির কোভিড হাসপাতালের আইসিইউতে ছিলেন অসমের স্বাস্থ্যমন্ত্রী।
প্রসঙ্গত কোভিড পর্বের শুরুতে যখন পিপিই কিটের হাহাকার তখন অসমের স্বাস্থ্যমন্ত্রী বিমান বোঝাই কিট আনিয়েছিলেন চিন থেকে। তাঁর বন্ধুস্থানীয় এক ব্যক্তি ইন্ডিগোর বড় পদে রয়েছেন। তাঁর সঙ্গে কথা বলেই ইন্ডিগোর কার্গো বিমানে করে চিন থেকে পিপিই কিট আনান তিনি।
এমনিতেই উত্তর-পূর্বের মধ্যে অসমের সংক্রমণ সর্বাধিক। কোভিডের প্রকোপ রুখতে নানাবিধ ব্যবস্থা নিলেও তা থামানো যাচ্ছে না। এ নিয়ে উদ্বেগ রয়েছে সর্বত্র। গতকালই অসমের স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, এবার দুর্গাপুজো নমঃনমঃ করে করতে হবে। নাহলে কিন্ত বড় বিপর্যয় ঘটে যাবে।