
শেষ আপডেট: 24 October 2024 19:39
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ইলিশের দাম ৫০ টাকা। অবিশ্বাস্য মনে হলেও, সত্যি। মুর্শিদাবাদের বাজারগুলিতে এমনই দামে বিকোচ্ছে রূপালী শস্য। অনেকেই মনে করছেন 'দানা'র জন্য এক ধাক্কায় কমেছে ইলিশের দাম।
সম্প্রতি ফরাক্কা সামশেরগঞ্জ সহ একাধিক প্রান্তে গঙ্গা থেকে ভূরি ভূরি ইলিশ ঝাঁক ধরা পড়ছে। ফলে ছোট-বড় বিভিন্ন মাপের প্রচুর পরিমাণে ইলিশ মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে। সেই ইলিশ আরও বাইরে না গিয়ে স্থানীয় বাজারের বিকোচ্ছে।
সকালের দিকে দাম বেশি থাকলেও বিকেলের দিকে কমছে ইলিশের দাম। ইলিশের মাপ অনুযায়ী নির্ভর করছে মাছের দাম। ২৫০ গ্রামের ইলিশ বিকোচ্ছে ৫০ টাকায়। সেখানেই এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ২০০টাকায়। এর চেয়ে বেশি ওজন হলে ৫০০ থেকে ৬০০ টাকায় বিকোচ্ছে।
বছরের অন্যান্য সময়ে চড়া দাম থাকে ইলিশের। ১২০০ থেকে ১০০০ টাকায় বিকোয়। কিন্তু এই মুহূর্তে সস্তায় পাওয়া যাচ্ছে। তাই সন্ধে নামলে বাজারে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। বাসুদেবপুর বাজারের ব্যবসায়ীরা জানাচ্ছেন, গঙ্গায় প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে। স্বাভাবিক কারণেই ইলিশের দাম একেবারেই কমে গিয়েছে।
ক্রেতাদের দাবি, ঘূর্ণিঝড়ের টের পেয়েই হয়নি ইলিশের ঝাঁক দিক বদলে দিচ্ছে। ফলে মুর্শিদাবাদের বাজারের সস্তায় ইলিশ বিক্রি হচ্ছে। এত সস্তায় পাতে ইলিশ পেয়ে খুশি তাঁরা।