
ফাইল ছবি।
শেষ আপডেট: 26 February 2025 18:27
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত।
মাধ্যমিক পরীক্ষার ঘটনা থেকে শিক্ষা নিয়ে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের ক্ষেত্রে দেহ তল্লাশিতে আরও জোর দেওয়া হচ্ছে বলে সংসদ সূত্রের খবর। জানা যাচ্ছে, মেটাল ডিটেক্টর দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হবে। তারপরই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে পরীক্ষার্থীদের।
প্রসঙ্গত, মাধ্যমিকের সময় পরীক্ষা হলে মোবাইল বা অন্য কোনও বৈদ্যুতিন গ্যাজেট ব্যবহার করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা বাতিল করার কথা জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। তারপরও পরীক্ষার হল থেকে মোবাইল-সহ ১৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। বাতিলও করা হয় তাদের পরীক্ষা। একই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তল্লাশিতে বাড়তি জোর দিচ্ছে সংসদ।
সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। তবে তল্লাশির কারণে পরীক্ষার্থীদের ১ ঘণ্টা আগে অর্থাৎ সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন এক সাংবাদিক বৈঠকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একথা জানানো হয়েছে।
সংসদ সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার কিছুক্ষণ আগে পরীক্ষাথীদের সামনে খোলা হবে প্রশ্নপত্র। এবারে ছাত্র ছাত্রীদের উত্তরপত্রের সঙ্গে প্রশ্নপত্র থাকবে। প্রশ্নপত্র যাতে বাইরে না ছড়িয়ে পড়ে তার জন্যই এই পদক্ষেপ। শুধু পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় নয়, পরীক্ষা কেন্দ্রের ভেতরেও থাকবে মেটাল ডিটেক্টর। থাকবে সিসিটিভিও ।
এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার। গতবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ। অর্থাৎ গতবারের চেয়ে এবারে প্রায় ২ লক্ষ পরীক্ষার্থী কম। ছাত্রদের তুলনায় এবারে ছাত্রীর সংখ্যা ৪৭ হাজার ৫৭১ জন বেশি। এবারে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ার সংখ্যা ৫২৮ জন।
এবারে মোট ৬২টি বিষয়ে প্রশ্নপত্র তৈরি হয়েছে। গত বছর ছিল ৬০টি। এবারে এআরটিআই এবং ডিটিএসসি এই দুটি বিষয় সংযুক্ত করা হয়েছে ।