.webp)
শেষ আপডেট: 30 January 2024 18:07
দ্য ওয়াল ব্যুরো: 'মা অসুস্থ'। এই কারণ দেখিয়ে প্যারোলে মুক্তির আবেদন জানিয়েছিল খাদিমকর্তা অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি।
এ ব্যাপারে সওয়াল জবাবের পর যাবজ্জীবন সাজাপ্রাপ্তের প্যারোলের আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।
প্যারোলে মুক্তির আবেদন জানিয়েছিলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও ১২ বছর কারাবাসী, আদতে হরিয়ানার বাসিন্দা আখতার হোসেন ওরফে পালোয়ান।
আদালত সূত্রে জানা গেছে, মায়ের অসুস্থতাজনিত প্রেসক্রিপশন প্রাইভেট ক্লিনিকের। যা বিশ্বাসযোগ্য নয় বলে আদালতে জানিয়েছিলেন সরকারি আইনজীবী সুমন ঘোষ। এমনকী জেলে থেকেই পালোয়ান যাতে মায়ের সঙ্গে ভার্চুয়ালি কথাবার্তা বলতে পারে, সরকারি উদ্যোগে সেই ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাতে রাজি হয়নি সে।
হরিয়ানা পুলিশের তরফে আদালতকে জানানো হয়, আসামি অপরাধপ্রবণ ব্যক্তি। প্যারোল মঞ্জুর করা হলে আসামি পালিয়ে যেতে পারে। এরপরই সব দিক বিবেচনা করে প্যারোলে মুক্তির আবেদন খারিজ করে দেয় আদালত।
২০০১ সালে ২৫ জুলাই তিলজলার বাড়ি থেকে বেরিয়ে লেদার কমপ্লেক্সে যাওয়ার পথে অপহরণ করা হয় খাদিম কর্তা পার্থ রায়বর্মনকে। মুক্তিপণ দাবি করা হয় ২০ কোটি টাকা।
ওই অপহরণ মামলায় অপরাধীদের মধ্যে ছিল আফতাব আনসারির নামও। ২০১৭ সালের ১১ ডিসেম্বর আলিপুর আদালত খাদিম কর্তা পার্থ রায়বর্মন অপহরণ মামলায় দোষী সাব্যস্ত আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। সাজাপ্রাপ্তদের মধ্যে অন্যতম এই পালোয়ান।