
শেষ আপডেট: 10 April 2024 14:48
দ্য ওয়াল ব্যুরো: ভূপতিনগর কাণ্ডে পুলিশের দায়ের করা এফআইরের বৈধতা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে এনআইএ আধিকারিকদের রক্ষাকবচ দিল আদালত।
বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, আদালতের অনুমতি ছাড়া এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ আধিকারিকদের গ্রেফতার করতে পারবে না পুলিশ।
এদিন মামলার শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, স্থানীয় থানার পুলিশকে জানিয়ে গত শনিবার এনআইএ আধিকারিকরা বৈধ তল্লাশিতে গিয়েছিলেন। কিন্তু ভোরবেলায় পুলিশ ফোর্স জোগাড় করতে পারেনি।
ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ-র তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছে তৃণমূলের একটি পরিবার। ওই পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআরও রুজু করেছে। পুলিশ এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে ৩২৫ ধারা যুক্ত করেছে।
এদিন বিচারপতি বলেন, মেডিক্যাল রিপোর্ট না দেখে এবং প্রয়োজনীয় তদন্ত না করেই পুলিশ এই ধারা যোগ করেছে। তাই পুলিশের এই এফআইআর বিধি সম্মত নয়।
মামলার পরবর্তী শুনানি ২৯ এপ্রিল। ওই দিন পুলিশকে কেস ডায়েরি সহ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। আদালত আরও জানিয়েছে, এনআইএ তদন্ত চালিয়ে যেতে পারবে। অনুমতি ছাড়া পুলিশ কোনও ফাইনাল রিপোর্ট দিতে পারবে না।