
শেষ আপডেট: 20 February 2024 15:57
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় সিবিআই ও ইডিকে মামলায় যুক্ত করার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সব পক্ষের কথা শুনে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।
ইডি আধিকারিকরা সন্দেশখালিতে তল্লাশি অভিযানে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হয়েছিলেন। সেই ঘটনায় বিচারপতি জয় সেনগুপ্ত সিট গঠন করার নির্দেশ দেন। বলা হয়, সিবিআই এবং রাজ্যের আধিকারিকরা যৌথভাবে তদন্ত করবে। তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল। আগামী ৬ মার্চ সেই মামলার শুনানি। এরই মধ্যে সবপক্ষকে মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হল।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিংহ রায় এক সপ্তাহ আগে সন্দেশখালির ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেছিলেন। মঙ্গলবার সেই মামলা তিনি পাঠিয়ে দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেই মামলাতেই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ''যে ব্যক্তি (পড়ুন শাহজাহান শেখ) গোটা ঘটনার মূলে সে এখনও পালিয়ে বেড়াচ্ছে”। প্রধান বিচারপতি বলেন, “আমরা জানি না তাকে আড়াল করে রাখা হয়েছে কিনা, কিন্তু এটা দেখতে পারছি পুলিশ তাকে এখনও ধরতে পারেনি।”
ঘটনাচক্রে, মঙ্গলবার সন্দেশখালিতে গিয়ে গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলে শাহজাহানের গ্রেফতারি নিয়ে আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "আপনাদের নিরাপত্তা নিয়ে আর কোনও ভাবনা নেই। সিবিআই অর্ডার হয়েছে। এবার পূর্ণ নিরাপত্তা পাবেন।" হাইকোর্টের নির্দেশে আগামী সোমবার ইডি, সিবিআইকে আদালতে উপস্থিত থাকতে হবে। শাহজাহানকে তলব করে তাঁকে আত্মসমর্পণ করতেও বলতে পারে কোর্ট, এমন ইঙ্গিতও মিলেছে।
শাহজাহান যে এখনও অধরা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন,''ওই ব্যক্তির (পড়ুন শাহজাহান শেখ) বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে। ইডির অফিসারদের উপর হামলার অভিযোগও রয়েছে। অথচ রাজ্য পুলিশ এখনও তাকে আটক করতে পারেনি, এটা আশ্চর্যের বিষয়।''