
বিচারপতি রাজাশেখর মান্থা
শেষ আপডেট: 25 April 2024 13:48
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে ২৫,৭৫৩ জনের চাকরি চলে গেছে। সেই নিয়ে এখন তোলপাড় চলছে রাজ্যে। এই পরিস্থিতির মধ্যেই অন্য এক মামলায় ৮০০ জনের নিয়োগের নির্দেশ দিল আদালত। বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন।
প্রাথমিক নিয়োগে উত্তর ২৪ পরগনায় যে দুর্নীতি হয়েছিল সেই সংক্রান্ত মামলায় ৮৬৭ জনকে আগামী ২ মাসের মধ্যে নিয়োগ দিতে হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০০৯ সাল থেকে চাকরিপ্রার্থীরা বঞ্চিত। দুর্নীতি যে হয়েছিল তা স্বীকার করে নিয়েছে জেলার প্রাথমিক শিক্ষা সংসদ। বিচারপতি কর্তৃপক্ষকে প্রশ্ন করেছিলেন তাঁরা তদন্ত চান নাকি চাকরি দিতে। সংসদ বঞ্চিতদের চাকরি দিতে প্রস্তুত বলেই জানিয়েছে।
কলকাতা হাইকোর্টের এই রায়ের ফলে ১৫ বছর পর সুখবর পেতে চলেছে এই চাকরিপ্রার্থীরা। উল্লেখ্য, ২০০৯ সালে দক্ষিণ ২৪ পরগনাতেও নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই নিয়েও কলকাতা হাইকোর্টের নির্দেশে ১,৫০০ প্রার্থীর নিয়োগ শুরু হয়।
এদিকে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন। শীর্ষ আদালতে পৃথক ভাবে মামলা করেছে রাজ্যের শিক্ষা দফতর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারও। এসএসসি-র বিরুদ্ধে অভিযোগ, যোগ্য এবং অযোগ্যদের তালিকা আদালতে জমাই দেয়নি কর্তৃপক্ষ। তবে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এসএসসি চেয়ারম্যান জানান, যোগ্য এবং অযোগ্যদের তালিকা কলকাতা হাইকোর্টে জমা দিয়েছিল এসএসসি।