
বিচারপতি অমৃতা সিনহা - ফাইল চিত্র
শেষ আপডেট: 20 March 2024 14:56
দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচের ঘটনার পর কলকাতা হাইকোর্ট বেআইনি নির্মাণ নিয়ে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নিচ্ছে। বুধবারই হাওড়ার একটি বেআইনি নির্মাণের ঘটনায় প্রোমোটারকে ১ কোটি টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। একই দিনে তিনি অন্য একটি বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় ক্ষতিপূরণের অঙ্ক দ্বিগুণ করার নির্দেশ দিলেন। এর আগে ওই বেআইনি নির্মাণের জন্য প্রোমোটারকে ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। বুধবার সেই অঙ্ক বাড়িয়ে ২ লক্ষ টাকা করেছেন তিনি।
কলকাতা পুরসভার ১২ নম্বর বরোর ১০৬ নম্বর ওয়ার্ডের নন্দীবাগান এলাকায় কোনও রকম অনুমতি ছাড়া একটি তিনতলার বেআইনি নির্মাণ গড়ে উঠেছিল বলে অভিযোগ ওঠে। কলকাতা পুরসভা এই নিয়ে পদক্ষেপ করায় পাল্টা বেআইনি নির্মাণকেই আইনি অনুমোদন দেওয়ার জন্য দরখাস্ত করেছিলেন প্রোমোটার। কাজ না হওয়ায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন! তাঁর আবেদন ছিল নির্মাণটিকে আইনি স্বীকৃতি দেওয়া হোক। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা সেই আবেদনে কোনও আমল না দিয়ে প্রোমোটারকে ১৮ মার্চের মধ্যে জরিমানা বাবদ এক লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দেন।
বিষয়টি এখানেই থেমে যেতে পারত কিন্তু তা হয়নি। হাইকোর্টের এই নির্দেশের পর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন ওই প্রোমোটার। পাশাপাশি সিঙ্গল বেঞ্চে তিনি আর্জি জানান, জরিমানার অঙ্ক জমা দেওয়ার জন্য আরও কিছুটা সময় দেওয়া হোক। বুধবার এই মামলার শুনানিতে বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি সিনহা। তিনি বলেন, '' ইচ্ছাকৃত জরিমানা এড়ানোর জন্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন প্রোমোটার। চূড়ান্ত সাহসিকতার কাজ করছেন তিনি। তাই তাঁকে এবার দ্বিগুণ জরিমানা দিতে হবে।'' বিচারপতি নির্দেশ, আগামী মার্চের মধ্যে ২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে ওই প্রোমোটারকে। আর ২৭ তারিখ এই মামলার পরবর্তী শুনানি।
বুধবারই হাওড়ার একটি বেআইনি নির্মাণের ঘটনায় প্রোমোটারকে ১ কোটি টাকা জরিমানার নির্দেশ দেওয়ার পাশাপাশি আগামী তিনমাসের মধ্যে সংশ্লিষ্ট আবাসনের বাসিন্দাদের আবাসন খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তারপরই আবাসনটি ভেঙে ফেলার নির্দেশও দিয়েছেন বিচারপতি। তাঁর আগে প্রোমোটার আদালতে জরিমানার অর্থ জমা না দিলে তাঁকে বড় বিপদে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি সিনহা।