
বিচারপতি অমৃতা সিনহা
শেষ আপডেট: 10 September 2024 18:35
দ্য ওয়াল ব্যুরো: মাদ্রাসা সার্ভিস কমিশনকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী তিনদিনের মধ্যে ২০১০ সালের পরীক্ষার ফলপ্রকাশ করতে হবে তাঁদের। ১৪ বছর আগে পরীক্ষা হওয়ার পর এখনও তার ফল বেরোয়নি! এতেই বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। কমিশনের উদ্দেশে তাঁর প্রশ্ন, ''কোনও পরীক্ষার ফল বের করতে ১৪ বছর লাগে কি?''
২০১০ সালে গ্ৰুপ ডি-তে তিন হাজার শূন্যপদে পরীক্ষা হয়েছিল। অন্তত ১ লক্ষ পরীক্ষার্থী সেই পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠে সেই পরীক্ষায়। দীর্ঘদিন ধরে পরীক্ষার ফল না বেরোনোয় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় চাকরিপ্রার্থীরা। আদালতের ডিভিশন বেঞ্চ ফলপ্রকাশের দিনক্ষণ বেঁধে দিয়েছিল। সেই সময়সীমা দুদিনের মধ্যেই শেষ হবে। তার আগে মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন, তিনদিনের মধ্যেই সে ফলপ্রকাশ করতে হবে মাদ্রাসা কমিশনকে।
কড়া নির্দেশ দেওয়ার সঙ্গে কমিশনকে কার্যত ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতির কথায়, ''পরীক্ষার ফল ১৪ বছরেও বেরোল না। ফলপ্রকাশ ১৪ বছরেও করা গেল না! কারচুপি করতে কি এত সময় লাগে?'' প্রশ্ন তাঁর। গত জুন মাসে কলকাতা হাইকোর্ট এই ফলপ্রকাশ করতে তিন মাসের ডেডলাইন দিয়েছিল। কিন্তু তা না করে চলতি মাসের ৫ তারিখ নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় মাদ্রাসা কমিশন। তা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
আদালতের স্পষ্ট বক্তব্য, এক লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষা দিয়েছেন। তাঁরা সকলে ফল বেরনোর অপেক্ষায়। ফলপ্রকাশ না হওয়া পর্যন্ত কমিশনের বক্তব্য শোনা হবে না। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি।