
কলকাতা হাইকোর্ট।
শেষ আপডেট: 18 July 2024 16:44
দ্য ওয়াল ব্যুরো: নন্দীগ্রামের জমি আন্দোলনে নিখোঁজ তিনজনের পরিবারের হাতে অবিলম্বে তাঁদের ডেথ সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা সরকার।
কী কারণে এত দেরি, রাজ্যের কাছে তার কৈফিয়তও চান বিচারপতি। পঞ্চায়েত দফতরের অফিসাররা অবশ্য নিজেদের গাফিলতির কথা স্বীকার করে নিয়ে দ্রুত ওই তিন পরিবারের হাতে মৃত্যুর শংসাপত্র তুলে দেওয়ার কথা জানান। ১ মাসের মধ্যে নির্দেশ কার্যকরী করার কথা বলেছেন বিচারপতি।
আদালতের নির্দেশকে স্বাগত জানানোর পাশাপাশি এ ব্যাপারে টুইটে রাজ্যকে খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, "নন্দীগ্রাম আন্দোলনকে ভর করে রাজ্যের ক্ষমতায় এল তৃণমূল, অথচ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় শহিদের পরিবারকে মৃত্যুর শংসাপত্র নিতেও হাইকোর্টে যেতে হচ্ছে।"
I extend my heartfelt gratitudes to the Hon’ble Calcutta High Court for Ordering the State Administration to issue Death Certificates to the family members of the 3 Matyrs of the 2007 Nandigram Bhoomi Andolan; Late Aditya Bera, Late Satyen Gole and Late Balaram Sing.
— Suvendu Adhikari (@SuvenduWB) July 18, 2024
Mamata…
২০০৭ সালে নন্দীগ্রামের জমি আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয়েছিল অনেকের। অনেকে নিখোঁজও ছিলেন। সেই তালিকায় ছিলেন নন্দীগ্রামের আদিত্য বেরা, সত্যেন গোলে ও বলরাম সিং। অভিযোগ, খুনের পর দেহগুলি অন্যত্র পাচার করে দেওয়া হয়েছিল।
পরিবারের দাবি, ২০০৭ সালের ১০ নভেম্বর নন্দীগ্রামের গোকুল নগর থেকে মহেশপুর পর্যন্ত মিছিলে হেঁটেছিলেন এই তিনজন। তারপর থেকেই তাঁরা নিখোঁজ ছিলেন। পরে নন্দীগ্রামের মৃতদের যে তালিকা রাজ্য প্রকাশ করেছিল তাতে আদিত্য বেরা, সত্যেন গোলে ও বলরাম সিংয়ের নামও ছিল।
কিন্তু পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট না পাওয়ায় নানা ধরনের প্রশাসনিক জটিলতার মধ্যে পড়তে হচ্ছিল পরিবারগুলিকে। এরপরই ডেথ সার্টিফিকেট চেয়ে ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তিনটি পরিবার।