
Justice Debangshu Basak
শেষ আপডেট: 14 March 2024 14:54
দ্য ওয়াল ব্যুরো: গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার পুনর্মূল্যায়ন হতে পারে! বৃহস্পতিবার এসএসসি দুর্নীতি মামলার শুনানিতে এমনই ইঙ্গিত দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চের প্রাথমিক পর্যবেক্ষণ এমনটাই। ফলত, আগামী দিনে নতুন করে প্যানেল প্রকাশ করা হতে পারে।
২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ পুনর্মূল্যায়নের ইঙ্গিত দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনের কাছে এই ব্যাপারে জানতে চায়। কমিশন জানিয়েছে, তাঁদের কাছে ওএমআর শিট নেই। তবে সিবিআই-এর জমা দেওয়া ওএমআর শিট এবং ইন্টারভিউয়ের নম্বরের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ার পুনর্মূল্যায়ন সম্ভব। এক্ষেত্রে সিবিআই-এর তথ্যের ওপর কমিশন ভরসা রাখছে কিনা তাও জানতে চায় আদালত। সে ব্যাপারে অবশ্য স্পষ্ট কোনও উত্তর দিতে পারেনি কমিশন।
কমিশন এই ব্যাপারে হাইকোর্টকে জানিয়েছে, সিবিআই তাঁদের দফতর থেকে ওএমআর শিট বাজেয়াপ্ত করেনি। আদালতের নির্দেশে সেগুলি তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাই সেই তথ্য নিয়ে তাঁরা স্পষ্টত কিছু বলতে পারবে না। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ অবশ্য এই নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁদের বক্তব্য, এসএসসি নিজে যদি ওই ওএমআর শিট নিয়ে নিশ্চিত না হতে পারে, তবে আদালত কেমন করে কোনও সিদ্ধান্ত নেবে? শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি।
বুধবারই এসএসসি মামলায় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, দুর্নীতির অভিযোগ প্রমাণ হয়ে গেলে হয় গোটা নিয়োগ বাতিল করে দেওয়া হবে। নয়তো, নিয়োগের অংশবিশেষ বাতিল করা হবে। বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবী স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, কমিশনের কারা দুর্নীতির সঙ্গে যুক্ত তা প্রকাশ্যে আসা দরকার। কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন আছে। এই প্রসঙ্গেই বিচারপতি বসাক বলেন, কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া উচিত।