
ফাইল চিত্র
শেষ আপডেট: 1 April 2024 14:44
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে বিজেপি নেতা খুনের মামলায় কলকাতা হাইকোর্ট নিম্ন আদালতের সমস্ত বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিয়েছিল। এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কিন্তু এখন অভিযোগ উঠেছে, আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ আদালত। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি।
কলকাতা হাইকোর্ট নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দেওয়ার পরও পুলিশ ওই মামলায় অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে বলে অভিযোগ। উচ্চ আদালতের নির্দেশ লঙ্ঘন করে কী ভাবে চার্জশিট নিম্ন আদালতে জমা দেয় পুলিশ, এই প্রশ্ন তুলেই ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি। তিনি আদালত অবমাননার রুল জারি করার হুঁশিয়ারিও দিয়েছেন। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন মূল কেস ডায়েরি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
২০১৯ সালে লোকসভা ভোটের পর ৩ বিজেপি কর্মী খুনের ঘটনায় ন্যাজাট থানায় খুন ও অস্ত্র আইনে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়। বিজেপি নেতাদের নাম ছিল সুকান্ত মণ্ডল, তপন মণ্ডল এবং প্রদীপ মণ্ডল। এই ঘটনার পর বেশ কিছুদিনের জন্য গা ঢাকা দিয়েছিলেন শেখ শাহজাহান। কিন্তু তারপরই তাঁকে ফের জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা গেছিল। এরপর আদালত থেকে জামিন নেন শাহজাহান।
পরবর্তী সময়ে সিআইডি খুনের মামলায় তদন্ত শুরু করার পর চার্জশিট থেকে শাহজাহানের নাম বাদ দেয় বলে অভিযোগ ওঠে। বিজেপির দাবি ছিল, অভিযোগপত্রে নাম থাকা সত্ত্বেও শেখ শাহজাহানের নাম ছিল না চার্জশিটে। এই সংক্রান্ত মামলার গত শুনানিতে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। শাহজাহানকে আড়াল করছে রাজ্য, এমনই পর্যবেক্ষণ ছিল আদালতের।