
শেষ আপডেট: 1 February 2024 16:17
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে অপহরণ করে খুনের ঘটনায় এনআইএ-কে মামলায় যুক্ত করল আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এদিন কেন্দ্রীয় এজেন্সিকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দেন।
এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে এই ঘটনার তদন্তের দায়িত্বে ছিলেন এসডিপিও। সেই সময়ে রাজ্যের দাবি ছিল, এসডিপিও-র গাড়িতে বোমা মারা হয়েছে। যদিও চার্জশিটে বোমার উল্লেখ কোথাও নেই। একই সঙ্গে একাধিক অভিযুক্তের নাম বাদ দিয়েছে পুলিশ, এমন অভিযোগ উঠে এসেছে। পাশাপাশি মূল অভিযুক্তদের জামিনও মিলেছে।
এরপরেই বিচারপতি জরুরি ভিত্তিতে এনআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দেন। আগামী ১৩ ফ্রেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।
বুথ সভাপতি খুনের ঘটনায় তাঁর পরিবারের তরফে ৩৪ জন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই প্রেক্ষিতে ৩ জন গ্রেফতারও হন। কিন্তু এতজন অভিযুক্তদের মধ্যে মাত্র ৩ জন কেন গ্রেফতার হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি।